বালাগঞ্জে আগুনে পুড়েছে পিকআপ, দুজনের মৃত্যু
সিলেটের বালাগঞ্জ উপজেলার নিজকুড়ুয়া এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আগুনে পুড়ে ভ্যানের চালক মারা গেছেন। আর পরে চিকিত্সাধীন অবস্থায় মাশুক মিয়া (৩০) নামেঠ ট্রাকের এক যাত্রী মারা গেছেন। এ দুর্ঘটনায় ভ্যানটিও পুরোপুরি পুড়ে গেছে। আজ শুক্রবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওই স্থানে সিলেটগামী কাঁঠালবাহী একটি ট্রাক এবং শেরপুর বাজারমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটিতে আগুন ধরে যায় এবং চালক আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। পিকআপ ভ্যানটিও পুড়ে যায়। আর চালকসহ ট্রাকে থাকা তিনজন ও পিকআপ ভ্যান থেকে ছিটকে পড়া একজন গুরুতর আহত হন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে মাশুক মারা যায় বলে চিকিত্সকেরা জানান। হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ভ্যানের চালকের পরিচয় জানা যায়নি।