বালাগঞ্জে আবারও ১৪৪ ধারা জারি
সিলেটের বালাগঞ্জের গোয়ালাবাজারে আবারও ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।জানা যায়, গত শনিবার উপজেলার ওসমানীনগর থানার গোয়ালাবাজারে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা দিলে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে। ওই দিন ১৪৪ ধারা ভঙের অভিযোগে পুলিশ ওসমানীনগর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস মিয়াকে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে ও মুক্তির দাবিতে বিএনপি আজ বিকেল তিনটায় গোয়ালাবাজারে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়। অন্যদিকে স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় ওসমানীনগর থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আজ একই সময়ে গোয়ালাবাজারে আনন্দ মিছিল কর্মসূচির ঘোষণা দেয়।এরই পরিপ্রেক্ষিতে সংঘাতময় পরিস্থিতি এড়াতে আজ দুপুর ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোয়ালাবাজার এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।ওসমানীনগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদাল মিয়া বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কর্মসূচি স্থগিত করেছি। দলীয় বৈঠকের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’থানা বিএনপির সাধারণ সম্পাদক এমরান রাব্বানী বলেন, ‘আমাদের কর্মসূচি বানচাল করতেই বারবার পাল্টা কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ। গোয়ালাবাজারে আমরা কোনো কর্মসূচি পালন করব না। তবে নেতা-কর্মীরা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বিক্ষোভ করবে।’বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম খান প্রথম আলো অনলাইনকে বলেন, বিষয়টি মীমাংসা করতে দুই পক্ষের সঙ্গে আলাপ করেও কোনো ফল হয়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাধ্য হয়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে।