বালাগঞ্জে গোপনে প্যানেল চেয়ারম্যান নির্বাচনের অভিযোগ
বালাগঞ্জ উপজেলা পরিষদে গোপনে প্যানেল চেয়ারম্যান নির্বাচনের অভিযোগ পাওয়া গেছে। আলোচনা না করে সবার অজ্ঞাতসারে প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম।তিনি জানান, ৮ মার্চ উপজেলা উন্নয়ন ও সমন্বয় সভায় প্যানেল চেয়ারম্যান নির্বাচনের বিষয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। কিন্তু ৪ এপ্রিল অনুষ্ঠিত সভায় পূর্বের সভার কার্যবিবরণী সরবরাহ করা হলে তাতে প্যানেল চেয়ারম্যান নির্বাচন নিয়ে আলোচনা ও চেয়ারম্যানের অনুপস্থিতে ভাইস চেয়ারম্যান আবদুল বারীকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেখানো হয়। এ সময় সভায় উপস্থিত মহিলা ভাইস চেয়ারম্যান গোপনে সিদ্ধান্ত নেওয়ার কারণ জানতে চেয়ে ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখালে ইউএনও তাঁকে শান্ত করেন। হাবিবা বেগম অভিযোগ করেন ৮ মার্চের সভায় প্যানেল চেয়ারম্যানের ব্যাপারে কোনো আলোচনা ও সিদ্ধান্ত হয়নি। কার্যবিবরণীতে গোপনে তোলা হয়েছে বিষয়টি।এ ব্যাপারে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফুিকল আলম বলেন, চেয়ারম্যান সাহেব সিদ্ধান্ত নিয়েছেন। এখানে আমার কিছু করার নেই।হাবিবা বেগম বলেন, সভায় আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া বেআইনি। গোপনে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ইউএনও কোনো সঠিক জবাব দিতে পারেননি। মহিলা ভাইস চেয়ারম্যান বলেন, ‘কেউ মূল্যায়ন করতে চায় না। জনগণের ভোটে নির্বাচিত হয়েই পরিষদে এসেছি। ধামাচাপা দিয়ে কাজ করার জন্য মানুষ আমাকে ভোট দেয়নি।’