বালাগঞ্জে চোলাই মদ পানে ১২ জনের মৃত্যু
সিলেটের বালাগঞ্জে চোলাই মদ পান করে ১২ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে অন্তত আরও ১০ জন। নিহত ব্যক্তিরা হলেন—বালাগঞ্জ উপজেলার এওলাতৈল গ্রামের ফারুক মিয়া (৪২), শশারকান্দি গ্রামের হারুন খান (৫৫), একারাই গ্রামের জন্টু দেব (৬০), দাশপাড়া গ্রামের চিত্ত দাশ (৪০), একই গ্রামের কানু লাল দাশ (৫৫) ও বিষু দেব (৩৫), ইলাশপুর গ্রামের ধীরু দেব (৫২), করনসী গ্রামের শাহনুর মিয়া (৪৩), ব্রাক্ষণ গ্রামের সোহরাব মিয়া (৩৮) ও মকবুল আলী (৪৭), তেরহাতি গ্রামের শফিক মিয়া (৪৯), নগরীকাপন গ্রামের গয়াস মিয়া (৪০)।এলাকাবাসী ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, নিহত ও অসুস্থরা গত বৃহস্পতিবার রাতে বালাগঞ্জ উপজেলার গোয়ালাবাজারে চোলাই মদ পান করেন। গতকাল শুক্রবার সকালে এঁদের অনেকেই নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের ভর্তি করানো হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গতকাল শুক্রবার বিকেলে ফারুক মিয়া ও হারুন খান এবং আজ শনিবার ভোরে অন্য সাতজন মারা যান। নিজ বাড়িতে মারা যান সোহরাব মিয়া, ধীরু দেব ও শাহনুর মিয়া।স্থানীয় গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ কওছর আহমদ বলেন, ‘১২ জনের মৃত্যুর খবর পেয়েছি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মিলু মিয়া বিশ্বাস বলেন, চোলাই মদ পানের পর এ ঘটনা ঘটেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তপক্ষ ঘটনাস্থলে যাচ্ছেন।