থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক সবজি ব্যবসায়ীকে মারধর করার প্রতিবাদে সিলেটের বালাগঞ্জে সবজি ও ফল ব্যবসায়ীরা ধর্মঘট পালন করছেন। আজ শুক্রবার সকাল থেকে তাঁরা এ ধর্মঘট শুরু করেছেন।ব্যবসায়ীরা বাজারের বিভিন্ন স্থানে ব্যানার এবং প্লেকার্ড টানিয়ে ওসির প্রত্যাহার ও বিচার দাবি করছেন। এতে ক্রেতারা রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় সবজি কিনতে না পেরে ফিরে যাচ্ছেন।ব্যবসায়ীরা জানান, গত বৃহস্পতিবার বিকেলে বালাগঞ্জ বাজারে সবজি কিনতে যান একই থানার ওসি জসিম উদ্দিন। এ সময় কাঁচামরিচ কেনা নিয়ে সবজি বিক্রেতা শফিক মিয়ার সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওসি ওই বিক্রেতাকে মারধর করেন।পরে রাতেই বালাগঞ্জ বাজার বণিক সমিতির এক জরুরি সভায় ব্যবসায়ীকে মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ বাজারের সবজি ও ফলের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।ক্রেতা আবদুস সালাম বলেন, ‘সকাল থেকে ঘুরেও কোনো সবজি কিনতে পারিনি। সব দোকান বন্ধ।’বালাগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জুনেদ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওসি আইনের লোক হয়ে নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। নিরীহ ব্যবসায়ীকে মারধর কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না।