বালাগঞ্জে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পেয়েছে তদন্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জের একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে স্থানীয় রাজাকারদের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল।আজ রোববার বালাগঞ্জের আদিত্যপুর ও বুরুঙ্গা গণকবর পরিদর্শন করে গণহত্যার প্রত্যক্ষদর্শী ও শহীদ পরিবারের সদস্যদের সাক্ষ্য গ্রহণ শেষে তদন্ত দল এই প্রমাণ পেয়েছে বলে জানা গেছে।জানা গেছে, তদন্ত দল আজ বেলা ১১টার দিকে আদিত্যপুর এবং বেলা দেড়টার দিকে বুরুঙ্গা গণকবর পরিদর্শন করে।ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা আবদুল হান্নান খানের নেতৃত্বে চার সদস্যের তদন্ত দলটি বালাগঞ্জের আদিত্যপুর গণকবর পরিদর্শনকালে জানতে পারে, স্বাধীনতাযুদ্ধ চলাকালে (১৪ জুন) স্থানীয় কিছু রাজাকারের সহযোগিতায় পাকিস্তানি বাহিনী শান্তি কমিটি গঠনের নাম করে আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হিন্দুপরিবারের লোকদের জড়ো করে। সেখানে একসঙ্গে ৬৩ জন লোককে হত্যা করে পাকিস্তানি বাহিনী। এ ছাড়া নারী নির্যাতনসহ গ্রামে ব্যাপক লুটপাটও করে তারা।এই হত্যাযজ্ঞ থেকে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া একজনসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করে তদন্ত দল। এরপর তদন্ত দলটি বুরুঙ্গা গণকবর পরিদর্শন করে। সেখানে তাঁরা গণহত্যার প্রত্যক্ষদর্শী ও শহীদ পরিবারের সদস্যদের সাক্ষ্য গ্রহণ করে।ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন ও প্রত্যক্ষদর্শী এবং শহীদ পরিবারের সদস্যদের কাছ থেকে ঘৃণিত ঘটনা সম্পর্কে জেনেছি। এই দুই গণহত্যার ব্যাপারে আমরা আশাতীত সাক্ষ্য-প্রমাণ পেয়েছি।’এ সময় সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমান, সাবেক সাংসদ এনামুল হক বীর প্রতীক, অপূর্ব শর্মাসহ বেশ কয়েকজন তদন্ত দলের সঙ্গে ছিলেন।উল্লেখ্য, স্বাধীনতাযুদ্ধ চলাকালে বালাগঞ্জ উপজেলার চারটি গণহত্যায় স্থানীয় রাজাকারদের সহযোগিতায় প্রায় দুই শতাধিক নিরীহ লোককে হত্যা করে পাকিস্তানি বাহিনী।