বালাগঞ্জে সংকটে বেহাল প্রাথমিক শিক্ষাব্যবস্থা
বালাগঞ্জে শিক্ষক সংকটসহ নানামুখী সমস্যার কারণে প্রাথমিক শিক্ষার মান হ্রাস পাচ্ছে। দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তার অনেক পদ। বিশুদ্ধপানি, শৌচাগার, বিদ্যুৎ, আসবাবপত্র ও শ্রেণীকক্ষ সংকটসহ নানাবিধ সমস্যা প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাধা সৃষ্টি করলেও তা সমাধানের কোনো কার্যকর উদ্যোগ নেই।বিদ্যালয় ও জনবল: উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, বালাগঞ্জে ১৭১টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়গুলোর জন্য ৭৭২টি অনুমোদিত পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ৫৮৬ জন শিক্ষক। ১৮৬টি পদ শূন্য রয়েছে। ১৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য। একজন শিক্ষক দিয়ে চলছে দুটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়। ৪৯টি বিদ্যালয় চলছে তিনজন শিক্ষক দিয়ে। এ ছাড়া চারজন দিয়ে ৫৬টি, পাঁচজন দিয়ে ছয়টি, ছয়জন দিয়ে ১৩টি, সাতজন দিয়ে ছয়টি, আটজন দিয়ে সাতটি, নয়জন দিয়ে চারটি, ১০, ১১ ও ১৫ জন দিয়ে একটি করে বিদ্যালয় পরিচালিত হচ্ছে। শিক্ষক-সংকটের কারণে ছাত্রছাত্রীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এতে ছাত্রছাত্রীরা লেখাপড়ায় পিছিয়ে পড়ছে। গত শিক্ষা সমাপনী পরীক্ষায় এর প্রভাব লক্ষ্য করা গেছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে সিলেট জেলার মধ্যে বালাগঞ্জের অবস্থান ছিল সর্বনিম্নে। প্রাথমিক শিক্ষার মান এগিয়ে নিতে শিক্ষকদের শূন্যপদগুলো পূরণসহ নতুন পদ সৃষ্টি করে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষক বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নয়টি পদের মধ্যে তিন বছর ধরে তিনটি পদ শূন্য রয়েছে। এই শূন্যতার কারণে নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, তদারকি ও শিক্ষকদের প্রশিক্ষণ ব্যাহত হচ্ছে। শিক্ষাঙ্গনের চিত্র: অধিকাংশ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধপানি ও শৌচাগারের সুব্যবস্থা নেই। পর্যাপ্ত শ্রেণীকক্ষ ও ডেস্ক-বেঞ্চ নেই। পুরোনো সংস্কারহীন ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। বৃষ্টির দিনে সংস্কারহীন ভবনগুলোর ভাঙা চালা দিয়ে পানি পড়ে। এ সময় বাধ্য হয়ে পাঠদান বন্ধ রাখতে হয়। এখন গরম পড়তে শুরু করেছে। কিন্তু অধিকাংশ বিদ্যালয়ে বিদ্যুৎ ও বৈদ্যুতিক পাখা নেই। সরেজমিন ঘুরে দেখা যায়, গোয়ালাবাজার, সাদীপুর, চন্দ্রকুমার, সৈয়দপুর, মোল্লাপাড়া, পাঠুলিপাড়া, প্রথমপাশা, ফকিরাবাদ, একারাই, গাভুরটিকি, জায়ফরপুর, হলিমপুর, নিজকরনসী, গ্রামতলা, কালীবাড়ি, হরিনগর ও কলারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অধিকাংশ বিদ্যালয়ে নলকূপ না থাকায় এবং কোথাও কোথাও বিকল থাকার কারণে পানির কোনো সুব্যবস্থা নেই। পুরোনো শৌচাগারগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক বিদ্যালয়ে বিদ্যুৎ নেই। আবার অনেক বিদ্যালয়ে বিদ্যুৎ থাকলেও নেই বৈদ্যুতিক পাখা। পর্যাপ্ত শ্রেণীকক্ষ ও আসবাবপত্রের অভাব রয়েছে। গোয়ালাবাজার, প্রথমপাশা, সাদীপুর, গাভুরটিকি, চন্দ্রকুমার, নিজকরসী, কালীবাড়ী, মাটিহানী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অনেক বিদ্যালয়ের পুরোনো আধাপাকা ভবনের দেয়াল ফেটে গেছে। টিনের চালা ভেঙে ঝুলে আছে। ঝুঁকিপূর্ণ এসব ভবনেই শিক্ষার্থীদের পাঠদান চলছে। কিন্তু ভবনগুলো সংস্কারের কোনো উদ্যোগ নেই।শিক্ষক ও সংশ্লিষ্টদের বক্তব্য: গোয়ালাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়েছ আহমদ চৌধুরী জানান, দীর্ঘদিন থেকে বিদ্যালয়টিতে বিশুদ্ধপানির সুব্যবস্থা নেই। পাঁচ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য একটি টয়লেট রয়েছে। পুরোনো দুটি ভবন সংস্কারহীন ও ঝুঁকিপূর্ণ। কালীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক আল জুবায়ের জানান, সংস্কারহীন ঝুঁকিপূর্ণ ভবনে বাধ্য হয়ে পাঠদান করাতে হচ্ছে। কিন্তু বৃষ্টির দিনে এই ভবনে পাঠদান সম্ভব হবে না। বালাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে অনেক পদ শূন্য রয়েছে। শিক্ষার মান উন্নয়নে পদগুলো পূরণ করা প্রয়োজন। সমস্যা সমাধানে স্থানীয় এমপি ও উপজেলার চেয়ারম্যানের সহায়তায় কাজ চলছে।’বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি মোস্তাকুর রহমান বলেন, ‘শিক্ষার উন্নয়নে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। কিছু বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হয়েছে এবং কিছু বিদ্যালয়ে টয়লেট নির্মাণ ও আসবাবপত্র দেওয়ার কাজ চলছে।