বালাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জে আজ মঙ্গলবার বেলা একটার দিকে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণগ্রাম এলাকায় প্রাইভেট কারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ এবং এর পর পেছন থেকে আসা একটি লরি দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন রফিকউদ্দিন চৌধুরীর স্ত্রী কচই বিবি (৬০) ও তাঁর ছেলে মইনুল ইসলাম (৩৫) এবং তাঁদের বহনকারী প্রাইভেট কারের চালক জাহাঙ্গীর চৌধুরী (২২) ও অপর যাত্রী মবশ্বির চৌধুরী (৫৫)। রফিকউদ্দিনের স্ত্রী ও ছেলে প্রবাসী। তাঁদের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামে। জাহাঙ্গীর ও মবশ্বির চৌধুরীর বাড়ি একই উপজেলার আমুকোনা গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর একটার দিকে ওই মহাসড়কে ঢাকাগামী একটি লরির পেছন পেছন একটি প্রাইভেট কার যাচ্ছিল। একপর্যায়ে কারটি লরিকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এর পর চলন্ত লরিটি পেছন থেকে প্রাইভেট কারটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের তিন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত নবীগঞ্জ উপজেলার মবশ্বির চৌধুরীকে (৫৫) হাইওয়ে পুলিশ ও তাজপুর দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর মৃত্যু হয়।এ ব্যাপারে হাইওয়ে পুলিশের শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।