বালাগঞ্জে সরকারি জমির মাটি কেটে নিয়েছে প্রভাবশালীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জে অনুমতি না নিয়ে সরকারি জমি থেকে এক্সাভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করে দিয়েছে প্রভাবশালীরা। ভূমি কার্যালয়ের তদন্তে পাওয়া গেছে এর সত্যতা। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রশাসনের অনুমতি না নিয়ে উপজেলার ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ সড়কের পার্শ্ববর্তী চাঁনপুর মৌজার ১ নম্বর খতিয়ানের ১৪০ জেএল, ১২৪৬ নম্বর দাগের সরকারি জমি থেকে রাতের আঁধারে এক্সাভেটর দিয়ে বিপুল পরিমাণ মাটি কেটে নেওয়া হয়েছে। এ মাটি বালাগঞ্জ বাজারে নির্মাণাধীন মার্কেটের নিচু স্থান ভরাটের কাজে সরবরাহ করা হয়েছে। স্থানীয় সুবিধাভুগী সরকারদলীয় কয়েকজনের সহায়তা রয়েছে অবৈধ এ কাজে। মার্কেট সংশ্লিষ্টরা জানান, বাণিজ্যিক ভবন নির্মাণের স্থানটি ভরাটের জন্য ১০ লাখ টাকায় কাজটি দেওয়া হয়েছিল পার্শ্ববর্তী রাজনগর থানার সাদাপুর গ্রামের গোবিন্দ নমঃশূদ্রের পুত্র অনকুল সূত্রধরকে। এ ব্যাপারে উপজেলা ভূমি অফিসের কানুনগো প্রমোদ কুমার ধর বলেন, সার্ভেয়ার নিয়ে মেপে দেখা গেছে সরকারি জমি থেকে অনকুল সূত্রধর প্রায় ৩০ হাজার ঘনফুট মাটি রাতের আঁধারে কেটে নিয়েছেন। যার আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা। আমরা শিগগিরই সহকারী কমিশনার বরাবরে প্রতিবেদন জমা দেব। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরুল ইসলাম বলেন, প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।