বালাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত
সিলেটের বালাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছে। আহত হয়েছে একই পরিবারের আরও দুজন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বালাগঞ্জ উপজেলার ব্রাহ্মণশাসন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হচ্ছেন—আয়শা আক্তার (২৮) ও তাঁর মেয়ে ঊষা (৩)। আহত ব্যক্তিরা হচ্ছেন—আয়শার স্বামী কাজী আখতার হোসেন (৩৫) ও মেয়ে ঊর্মি (৯)। তারা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার গাজীপাড়া গ্রামের বাসিন্দা।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকারে করে ঈদ করতে সপরিবারে গ্রামের বাড়ি যাচ্ছিলেন আখতার হোসেন। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণশাসন নামক স্থানে একটি বাঁক অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী দুটি যাত্রীবাহী বাস একটি অপরটিকে ওভারটেক করতে গেলে কারটি বাসগুলোর মুখোমুখি হয়ে পড়ে। এ সময় দুর্ঘটনা এড়াতে মূল রাস্তা থেকে নেমে যাওয়ার চেষ্টা করলে কারটি (ঢাকা মেট্রো গ-২৩-৪৬৬৫) নিয়ন্ত্রণ হারিয়ে গভীর জলাশয়ে পড়ে যায়। স্থানীয় লোকজন প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে কারযাত্রী চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আয়শা আক্তার ও তাঁর মেয়ে ঊষার মৃত্যু হয়। আহত ঊর্মির অবস্থা এখনো আশঙ্কাজনক। কাজী আখতার হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) বায়োজিত বোস্তামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।