বালাগঞ্জে হত্যা মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড ১৪ জনের যাবজ্জীবন
সিলেটের বালাগঞ্জে একটি হত্যা মামলার রায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড ও ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৮ আগস্ট সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মোহাম্মদ নাজিম আহম্মেদ এ রায় দেন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন বালাগঞ্জের মকবেলপুর গ্রামের আজম আলী (৪০)।মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০০৩ সালের ৯ আগস্ট মকবেলপুর জামে মসজিদের মোতাওয়াল্লি পদ নিয়ে গ্রামের দুই পক্ষের সংঘর্ষে টুনু মিয়া (২৬) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় নিহত টুনু মিয়ার চাচা তেরাব আলী বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ২০০৪ সালের ৩১ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা বালাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নওয়াব উল্লাহ ও পরিমল কান্তি দাস ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচারের কার্যক্রম শুরু হয়। মামলার মোট ২৪ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার এক সপ্তাহের মধ্যে উচ্চ আদালতে আপিল করা যাবে বলে রায়ের নির্দেশনায় বলা হয়।মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিসহ ১৪ জন আসামি বর্তমানে জেলহাজতে রয়েছেন। যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন মকবেলপুর গ্রামের জামে মসজিদের প্রাক্তন মোতাওয়াল্লি সাত্তা মিয়া, তাঁর বাবা হানিফ উল্লাহ এবং একই গ্রামের বাসিন্দা মো. আবদুল্লাহ, মহিত রঞ্জন দাস, উস্তার মিয়া, আবদুল জলিল, রমজান আলী, বশির মিয়া, মুসতাকিন আলী, সুরুজ উল্লাহ, কুতুব আলী, রজব আলী, রকিব মিয়া ও নূর মিয়া। মামলার অপর আসামি আবদুল করিম বিচার চালাকালে মারা যান।