বালামের অ্যালবাম দুই বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালে বালাম, ২০০৮-এ বালাম ২ এবং ২০১০-এ বালাম ৩। এরপর পেরিয়ে গেছে দুই বছর। নিজের চতুর্থটির জন্য বালামের মাঝে তেমন কোনো তাড়াহুড়া নেই। একটু সময় নিয়ে, পরিকল্পনা করে শ্রোতাদের নতুন কিছু দেওয়ার কথা ভেবেছেন। শুধু ভাবনা নয়, ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছেন। বালামের ভাষায়, ‘শ্রোতারা এবার অন্য বালামকে পাবেন। একেবারে অন্য রকম কিছু গান করেছি। কী ধরনের গান—তা বলে বোঝানো যাবে না। গানগুলো শুনতে হবে।’গান নয়, গানের আগে আসছে মিউজিক ভিডিও। অ্যালবামের দুটি গান নিয়ে মিউজিক ভিডিও তৈরি করছেন বালাম। একটি সুফি গান, অন্যটি সফট। চিত্রনাট্য চূড়ান্ত করেছেন। জানালেন, এবার তিনি নিজেই নিজের মিউজিক ভিডিও পরিচালনা করবেন। আগামী কয়েক দিনের মধ্যেই কাজটি করার জন্য প্রস্তুতি নিয়েছেন তিনি। আগের সব কটি অ্যালবামেই পপ ধারার গান বেশি করেছিলেন বালাম। এবার তা থেকে সরে এসেছেন। নানা স্বাদের গান করেছেন। অ্যালবামে গান থাকবে আটটি। বোনাস ট্র্যাকও থাকবে। তবে তা গান নাকি ইন্সট্রুমেন্টাল হবে—সেটা শ্রোতাদের জন্য চমক হিসেবেই রেখেছেন বালাম। বললেন, ‘আমার নতুন গানগুলোতে ডিজিটাল সাউন্ড নেই বললেই চলে। অ্যাকুয়িস্টিক সাউন্ডের ওপর বেশি নির্ভর করেছি।’জানালেন, সব কটি গানই তৈরি হয়ে গেছে। ইচ্ছা আছে বৈশাখেই শ্রোতাদের হাতে তুলে দেওয়ার। তবে তা নির্ভর করছে প্রযোজনা প্রতিষ্ঠান আর মুঠোফোন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চূড়ান্ত হওয়ার ওপর।