বালামের অ্যালবামে সুফি গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর পর আসছে বালামের চতূর্থ একক। আর এই অ্যালবামের জন্য সুফি ধাঁচের একটি গান করেছেন তিনি। দম দমা নফসে মারো দম শিরোনামের এই গানটির কথা লিখেছেন জাহিদ পিন্টু। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনার কাজও করেছেন বালাম নিজেই।বালাম বলেন, ‘আমার প্রথম একক অ্যালবামে দমে দমে শিরোনামে প্রথম সুফি ধাঁচের গান করেছিলাম। গানটির খুব প্রশংসা করেছিল সবাই। পরের দুুটি অ্যালবামে অবশ্য আর সে ধরণের গান করা হয়নি। দুই বছর পর অ্যালবাম করছি। তাই চিন্তা করলাম সুফি ধাঁচের একটি গান থাকলে মন্দ হয়না।’বালাম আরও বলেন, ‘শিল্পী হওয়ার পেছনে কিন্তু সৃষ্টিকর্তার অবদান অপরিসীম। আমার কাছে মনে হয় এই ধাঁচের গানের মধ্য দিয়ে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করা সম্ভব। তাছাড়া সবসময় তো প্রেমের গানই করে থাকি। নতুন অ্যালবামটিতে সে ধারা থেকে বেরিয়ে আসার কিছুটা চেষ্টা করছি। সবার কথা চিন্তা করেই অ্যালবামের গানগুলো তৈরি করেছি। ’এখন পর্যন্ত নাম ঠিক না হওয়া বালামের নতুন অ্যালবামে গান থাকবে আটটি। সুফি গানটির পাশাপাশি অন্য গানগুলোর কথাও লিখেছেন জাহিদ পিন্টু। বালামের প্রথম একক অ্যালবামের সব গানও লিখেছিলেন তিনি।কবে নাগাদ অ্যালবামটি প্রকাশিত হতে পারে এমন প্রশ্নের জবাবে বালাম বলেন, ‘অ্যালবামের সব গানের কাজ শেষ। এখন শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। আশা করছি এবারের পহেলা বৈশাখে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারব।এদিকে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে প্রকাশিত হওয়া মিশ্র অ্যালবাম নারী’তে একটি গানে কণ্ঠ দিয়েছেন বালাম।