বালি হামলার পরিকল্পনাকারীর বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০২ সালে বালি দ্বীপে বোমা হামলার ঘটনায় ব্যবহূত বোমা তৈরির অভিযোগে গ্রেপ্তার অন্যতম সন্দেহভাজন জঙ্গি উমর পাটেকে ইন্দোনেশিয়ার আদালতে বিচারের মুখোমুখি করা হয়েছে। ওই হামলায় অস্ট্রেলিয়ার ৮৮ জন নাগরিকসহ মোট ২০২ পর্যটক নিহত হন।বিবিসি অনলাইন জানিয়েছে, হত্যার মূল পরিকল্পনা, বোমা তৈরি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগসহ উমরের বিরুদ্ধে ছয়টি অভিযোগ রয়েছে। কয়েকজন কৌঁসুলি জানিয়েছেন, তাঁরা উমরের মৃত্যুদণ্ড চাইবেন।নিরাপত্তাকর্মীদের বরাত দিয়ে রয়টার্স জানায়, ৪৫ বছর বয়সী উমর আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত নিষিদ্ধ জামেয়াহ ইসলামিয়াহ সংগঠনের সদস্য। ২০০০ সালে বড়দিনের উত্সবে পাঁচটি গির্জায় বোমা বিস্ফোরণ ঘটে। ওইসব বিস্ফোরণে ব্যবহূত ১৩টি বোমায় রাসায়নিক পদার্থ মেশানোর অভিযোগ রয়েছে উমরের বিরুদ্ধে।পাকিস্তানের যে শহরে মার্কিন কমান্ডো হামলায় লাদেনকে হত্যা করা হয়, সেই অ্যাবোটাবাদ থেকেই ২০১১ সালের জানুয়ারি মাসে উমরকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তারের তথ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।জাকার্তায় একটি জেলা আদালত সরকারি কৌঁসুলি ফ্রি হারতোনো বলেন, বিবাদী (উমর) ইমাম সমুদ্রের সঙ্গে দেখা করেছিল। সে সময় ইমাম বালিতে বোমা হামলা চালিয়ে বিদেশি পর্যটকদের হত্যা করতে উমরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এ হামলার ঘটনায় ইমামকে ২০০৮ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়।হারতোনো বলেন, ইমাম সমুদ্র বিবাদীকে বোমা তৈরির জন্য বিস্ফোরক মেশানোর কথা বলেন এবং উমর এতে রাজি হন।কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাটেকে আদালতে নিয়ে যাওয়া হয়। এ সময় তিনি সাদা টুপি, জোব্বা ও প্যান্ট পরা ছিলেন।আদালতের একটি ছোট্ট কক্ষে কৌঁসুলিরা যখন ২৯ পৃষ্ঠার অভিযোগপত্র পড়া শুরু করেন, তখন উমর চুপচাপ বসে ছিলেন। এ সময় তাঁর কয়েকজন সমর্থক উচ্চস্বরে ‘আল্লাহু আকবর’ বলতে থাকেন।