বালিকা বিয়ে কমছে না
সম্প্রতি প্রকাশিত ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, তিনজন কিশোরীর মধ্যে দুজনের বিয়ে হচ্ছে ১৮ বছরের আগে। বেশি বাল্যবিবাহ হয় এমন দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়স্কুলের পথ বদলে বই-খাতা ফেলে বালিকারা বাধ্য হয় স্বামীর ঘরে যেতে। কেউ বা বালিকাবধূ হিসেবে ঘর করে অতিকষ্টে, কেউ বা বিতাড়িত হয়ে ‘স্বামী পরিত্যক্তা’। সরকারি-বেসরকারি পর্যায়ে ব্যাপক কর্মসূচি আর আইন থাকলেও দেশে বালিকা বিয়ে কমছে না। পিছিয়ে পড়া গ্রামগুলোতে এ বিয়ে এখন ঘরে ঘরে। এ দেশে ৬৪ শতাংশ বালিকার ১৮ বছরের আগে বিয়ে হয় বলে ইউনিসেফ হিসাব দিয়েছে। বাংলাদেশে বাল্যবিবাহের হার এখনো বিশ্বের শীর্ষে বলে দাবি একাধিক সূত্রের। বিষয়টি ‘সামাজিকভাবে অনুমোদিত’ হওয়ায় কোনো আইনই বাল্যবিবাহ রোধ করতে পারছে না বলে অনেকের ধারণা। ঘটনা-১বাবা-মায়ের অনুপস্থিতিতে ফুফুর ঘরে মাত্র ১২ বছর বয়সে বিয়ে হয়েছিল কিশোরীর। বিয়ের পরই চলে যায় স্বামীর বাড়ি। কাটায় বছর খানেক। এরই মধ্যে গর্ভে আসে সন্তান। স্বামীর মোহ কেটে গেলে তার ওপর চলতে থাকে নির্যাতন। অবশেষে ওর ঠাঁই হয় বাবার বাড়ি। সেখানেই তার কোলে জন্ম নেয় এক ফুটফুটে কন্যাশিশু। কোলের এই শিশুটির সঙ্গে মা-ও শুকিয়ে কঙ্কালসার। গলার হাড়গুলো বেরিয়ে গেছে। রোগবালাইয়ের জন্য গলায় ও হাতে ঝুলিয়েছে বড় বড় তাবিজ। মেয়েটির জীবনে নেমে এসেছে চরম দুর্যোগ। জয়পুরহাট জেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে পালি গ্রামে ওদের বাস। বাবা তাঁর কন্যাকে বিয়ে দেন নওগাঁর পাহাড়পুর ইউনিয়নের বিশপাড়া গ্রামের এক দিনমজুরের সঙ্গে। যৌতুক দিতে হয়েছে ১৫ হাজার টাকা। এ টাকা আনা হয়েছে ধার করে। ঘটনা-২জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পূর্ব শাখারঞ্জ গ্রামের মেয়েটির (১৩) বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়েছিল। অতিথি আপ্যায়ন করা হয়েছিল। বিবাহ অনুষ্ঠানের সব কিছুই ছিল প্রস্তুত। কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে বিয়ে হয়নি। তবে স্কুলে যাওয়ার বয়সে ওকে বিয়ের পিঁড়িতে বসানোর চেষ্টা মানতে পারছে না এই কিশোরী। তার ক্ষোভের শেষ নেই। মেয়ের মা জানালেন, তার স্বামী এলাকার সচ্ছল এক গৃহস্থের মাছের ঘের পাহারা দেন। ওই গৃহস্থ মেয়েটির বিয়ে ঠিক করেছেন সমাজসেবা অফিসে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারী আতোয়ার হোসেনের সঙ্গে। সে আগে আরেকটি বিয়ে করেছিল। ঝগড়াঝাটির একপর্যায়ে বউকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে আরেকটি বিয়ে করার প্রস্তুতি নিয়েছিল। মেয়ের বাবা-মা এ বিয়েতে সম্মত ছিলেন। ছেলেকে যৌতুক হিসেবে ২০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। একইভাবে বিয়ে হয়েছে মেয়ের বড় বোনেরও। ঘটনা-৩১৬ বছর বয়সে বিয়ে হয়েছিল দুই বছর আগে। তখন সে অষ্টম শ্রেণীতে পড়ত। বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের ছাতিহাটি গ্রামে। বাবা ও মা তাঁতের কাজ করেন। বিয়ের পর মেয়েটি দুবার স্বামীর বাড়ি গিয়েছিল। দ্বিতীয়বার বাবার বাড়ি এসে আর যায়নি সেখানে। মাকে জানিয়েছে তার কষ্টের কথা। অল্প বয়সে মেয়ের বিয়েতে মায়ের আক্ষেপের যেন শেষ নেই। মা জানান, মেয়ের বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী বল্লাই ইউনিয়নের ৩৫ বছর বয়সী পাত্রের সঙ্গে। মেয়েটির বাবার আত্মীয়স্বজনের মাধ্যমে বিয়ে ঠিক হয়। মেয়ে কিংবা তাঁর মা-বাবা বিয়ের আগে ছেলেকে দেখেননি। ছেলে সম্পর্কে জানতে পারেন বিয়ের পরে। এলাকার কাজি অফিসে রেজিস্ট্রেশন করাতে না পেরে রেজিস্ট্রেশন হয় পাশের ইউনিয়নে কাজি অফিসে। সরেজমিন: জয়পুরহাট ও টাঙ্গাইলওই গ্রামে আরও কয়েকজন নারী এভাবেই অল্প বয়সে বউ হয়ে এসেছে। মাত্র ১৬ বছরে এক মেয়ের কোলে দুটি সন্তান। স্বামীর সঙ্গে তার বিয়ে হয় আট বছর আগে। পাশের ঘরের আরেক মেয়ে পঞ্চম শ্রেণীতে পড়া অবস্থায় বউ হয়ে এসেছে। বিয়ের বয়স ১৮ বছর পেরোতে না-পেরোতেই আরেকজনের ঘরে দুই সন্তান। ১৭ বছরের পুত্রবধূর কোলে দেখা গেল চার বছরের সন্তান। জয়পুরহাট সদর, আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই উপজেলার বিভিন্ন এলাকায় এখনো বহু বাল্যবিবাহ হচ্ছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।জয়পুরহাটের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে খোঁজ নিয়ে বাল্যবিবাহের আরও কিছু চিত্র পাওয়া যায়। বিয়ের কারণে ২০১০ সালে সদর উপজেলার চাঁদপুর উচ্চবিদ্যালয় থেকে ১২ জন ছাত্রী লেখাপড়া ছেড়ে দিয়েছে। ভুটিয়াপাড়া উচ্চবিদ্যালয় থেকেও মেয়েরা একই হারে লেখাপড়া ছাড়ছে। ক্ষেতলাল উপজেলার হিন্দা উচ্চবিদ্যালয় থেকে গত বছর সাত-আটজন শিক্ষার্থী বাল্যবিবাহের কারণে লেখাপড়া ছেড়ে দিয়েছেন। একই চিত্র পাওয়া গেছে টাঙ্গাইলের কালিহাতীর ছাতিহাটিসহ আশপাশের গ্রামগুলোতে।টাঙ্গাইলের কালিহাতীর পাইকড়া ইউনিয়নের বিবাহ রেজিস্ট্রার (কাজি) হারুণ ইবনে রশিদ বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ভুয়া জন্মনিবন্ধন সনদ নেওয়া হলে অনেক সময় আমরা মেয়ের বয়স বুঝতে পারি না। অনেক সময় মেয়েকে দেখে আমরা বিয়ে রেজিস্ট্রি করতে রাজি না হলেও মেয়ের অভিভাবকদের জন্য তা সম্ভব হয় না। আমরা ফিরিয়ে দিলেও অন্য কাজির কাছে গিয়ে বিয়ে রেজিস্ট্রি করানো হয়।বিবাহ রেজিস্ট্রারদের মধ্যে সচেতনতার অভাবে চিত্র মেলে পাইকড়া ইউনিয়নের পার্শ্ববর্তী বল্লার ইউনিয়নের কাজি ফেরদৌস হোসেনের কথা শুনে। অপ্রাপ্তবয়স্ক এ মেয়ের বিয়ে রেজিস্ট্রির পর এলাকাবাসী প্রশ্ন তুললে তিনি বলেন, বিয়ের জন্য ১৮ বছর বয়স হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এ বিষয়ে আমার কাছে কোনো সরকারি আদেশ নেই। মেয়ের বাবা, চাচা, মামা বলছে, বিয়ের বয়স হয়েছে, আমি বিয়ে রেজিস্ট্রি করেছি। এতে আমার অপরাধ কোথায়? বাল্যবিবাহ সম্পর্কে পাইকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন মোল্লা বলেন, ‘বাল্যবিবাহ হচ্ছে কি না, সে বিষয়ে আমরা কঠোর নজর রাখি। এর পরও সামাজিক অনেক সমস্যা থেকে যায়। মেয়ের বাবা-মাসহ আত্মীয়স্বজনকেই ঠিক করতে হবে, মেয়ের বিয়ে কখন দেওয়া হবে।’ বাল্যবিবাহের হার কমছে না সরকারি-বেসরকারি পর্যায়ে ব্যাপক প্রতিরোধে কার্যক্রম পরিচালিত হলেও দেশে বাল্যবিবাহের হার কমছে না। ২০০৯ সালে ইউনিসেফ প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এ দেশে ৬৪ শতাংশের বেশি বালিকাদের ১৮ বছরের আগে বিয়ে দেওয়া হয়। অন্যদিকে ব্রিটিশ জার্নালে প্রকাশিত প্রতিবেদনে দেখানো হয়েছে, বাল্যবিবাহের ফলে মেয়েরা অল্প বয়সে গর্ভ ধারণ করে। বর্তমানে বাংলাদেশে ১৫ থেকে ১৯ বছর বয়সের এক-তৃতীয়াংশ বালিকা গর্ভ ধারণ করেছে অথবা সন্তানের জন্ম দিয়েছে। একজন প্রাপ্তবয়স্ক নারীর তুলনায় একজন কিশোরী মা অনেক বেশি প্রসবকালীন জটিলতায় ভোগেন বলে ওই প্রতিবেদনের দাবি। বাল্যবিবাহ রোধে আইন প্রণয়ন হয়েছে। সরকারি-বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় প্রশিক্ষণ প্রদানসহ সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকার মেয়েশিশুদের মাধ্যমিক পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা গ্রহণকে জোরদার করতে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি এবং উপবৃত্তি চালু করেছে। মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন আইন সংশোধন করে রেজিস্ট্রেশনবিহীন বিয়ে করার শাস্তি তিন মাসের স্থলে দুই বছর করা হয়েছে। বিয়ে রেজিস্ট্রেশনের সময় জন্মনিবন্ধন সনদপত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। স্থানীয় সরকারকে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুর জন্মনিবন্ধনের দায়িত্ব প্রদান করা হয়েছে। বালিকাদের জীবনের ঝুঁকিমাঠ ঘুরে দেখা গেছে, বাল্যবিবাহের কারণে বহু কন্যাশিশু ঝরে পড়ছে। বাল্যবিবাহের শিকার কিশোরীদের অনেকে বিদ্যালয়ে যেতে না-যেতেই বিদ্যালয় ছেড়ে দিচ্ছে। এর ফলে সমাজে ও স্বামীর পরিবারে তারা সম্মানজনক অবস্থান পায় না।২০০৯ সালে প্রকাশিত বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) অনুযায়ী, বাল্যবিবাহ ও অকালমাতৃত্বের কারণে মা এবং শিশুর মৃত্যু ও রুগ্ণ হওয়ার হার অনেক বেশি। এক-তৃতীয়াংশ নারী ২০ বছর বয়সের নিচে মা হয় অথবা গর্ভধারণ করে। এই অনুপাত কোনোভাবেই কমছে না। বিডিএইচএস প্রতিবেদনে দেখানো হয়েছে, বাংলাদেশের নারীদের বিয়ের গড় বয়স ১৬ দশমিক ৪ বছর, ২০০৪ সালে যা ছিল ১৬ বছর। কিন্তু এই বয়স আইনত সর্বনিম্ন বয়সের থেকেও ১৮ মাস কম। এ তথ্য থেকে বোঝা যায়, আইন ও নীতিমালা কখনো বাস্তবায়নের নিশ্চয়তা দিতে পারে না।গবেষণায় দেখা গেছে, ২০ থেকে ২৪ বছর বয়সের মায়েদের তুলনায় ১০ থেকে ১৪ বছর বয়সের মাদের প্রসবকালীন মৃত্যুর হার পাঁচ গুণ বেশি। ২০ বছর বয়সের ওপরে মায়েদের তুলনায় ১৪ বছর বয়সের নিচে কিশোরী মায়েদের প্রসবকালীন মৃত্যুর হার ৫০ শতাংশেরও বেশি। জয়পুরহাটে বাল্যবিবাহের শিকার এক মেয়ে বলেন, ‘অল্প বয়সে বিয়ে দিয়ে আমার জীবনটা শেষ করে দেওয়া হয়েছে। বাবা-মায়ের এই সিদ্ধান্ত আমি জানতাম না। আমার এখন স্বামীর ঘরে যাওয়ার ইচ্ছা নেই।’ কালিহাতীতে বাল্যবিবাহের শিকার আরেক মেয়ে বলেন, ‘আমি এ বিয়ের বিষয়ে প্রথম থেকেই না করেছি। কেউ শোনেনি আমার কথা।’ আইনের ফাঁকফোকর দিয়ে বাল্যবিবাহ মাঠ সরেজমিনে দেখা গেছে, বাল্যবিবাহের এই প্রচলিত আইন অমান্য করেই বাল্যবিবাহ হচ্ছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এমনকি বিবাহ রেজিস্ট্রাররা (কাজি) পর্যন্ত বাল্যবিবাহ প্রতিরোধে অসহায়। কাজিরা বলেন, ইউনিয়ন পরিষদ থেকে বিয়ের আগে ছেলে বা মেয়ের জন্মনিবন্ধন সনদে মনগড়া জন্মতারিখ লেখা হয়। এ ক্ষেত্রে কাজিদের কিছুই করার থাকে না। অনেক স্থানে আবার মেয়ের বয়স কমিয়ে জন্মনিবন্ধন করার ক্ষেত্রে কাজিরাই মুখ্য ভূমিকা পালন করেন। এমন অভিযোগ পাওয়া যায় বিভিন্ন এলাকা থেকে। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির আইনজীবী বীথিকা হাসান বলেন, ‘বাল্যবিবাহ এখনো আমাদের সামাজিক অনুশাসনে বাধা। দেশে বাল্যবিবাহ এখনো সামাজিকভাবে অনুমোদিত। ফলে আইন থাকা সত্ত্বেও বাল্যবিবাহের হার অনেক বেশি। এ জন্য অভিভাবক-পর্যায়ে সচেতনতা জরুরি। পাশাপাশি যেসব বাল্যবিবাহ ঘটছে, এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তি দিতে হবে।’আইনজীবীদের সঙ্গে আলাপ করে জানা যায়, ১৯২৯ সালে বাল্যবিবাহ নিরোধ আইন পাস করা হয়েছে। এ আইন ১৯৮৪ সালে সংশোধন করা হয়। এই আইনে আইনসম্মত বা বৈধ বিবাহের জন্য বর ও কনের ন্যূনতম বয়স নির্ধারণ করা হয়েছে। এ আইনে পুরুষের বিয়ের আইনসম্মত বয়স ন্যূনতম ২১ বছর এবং নারীর ন্যূনতম ১৮ বছর নির্ধারণ করা হয়। সেই সঙ্গে বাল্যবিবাহকারী, বাল্যবিবাহ সম্পন্নকারী এবং বাল্যবিবাহ সম্পন্নের আদেশ বা অনুমতি প্রদানকারী অভিভাবকদেরও শাস্তির বিধান রাখা হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ক্ষমতা রয়েছে পৌরসভা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে। দারিদ্র্য, নিরাপত্তাহীনতা, অসচেতনতা প্রধান কারণমাঠ ঘুরে বাল্যবিবাহের শিকার বালিকা, তার অভিভাবক ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে বাল্যবিবাহের কারণ সম্পর্কে পাওয়া গেছে নানা তথ্য। জয়পুরহাট ও টাঙ্গাইলের অভিভাবকেরা জানান, কন্যাসন্তানেরা তাদের পরিবারের কাছে অনেক সময় অর্থনৈতিক বোঝার কারণ হয়ে দাঁড়ায়। অল্প বয়সে বিয়ে দিয়ে তারা এই বোঝা কমাতে চায়। বাল্যবিবাহ দেওয়ার মাধ্যমে কন্যাসন্তানদের যৌন নিপীড়ন ও অবৈধ যৌন সম্পর্ক থেকে বিরত রাখার ব্যাপারেও নিশ্চিত হন। জয়পুরহাটের ক্ষেতলালে বাল্যবিবাহের শিকার এক কিশোরীর বাবা বলেন, ‘আমরা গরিব মানুষ। কোনোমতে ছেলেমেয়েকে নিয়ে খেয়ে না-খেয়ে দিন পার করি। অনেক কষ্টে মেয়েকে লেখাপড়া করাচ্ছিলাম। কিন্তু বখাটের অত্যাচারে আর মেয়ের লেখাপড়া এগিয়ে নিতে পারলাম না। থানায় অভিযোগ করেও কোনো লাভ হয়নি। তাই মেয়েকে বাধ্য হয়ে লোকলজ্জার ভয়ে বিয়ে দিয়েছি।’সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদজয়পুরহাটের চাঁদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর কবির মনে করেন, সামাজিক সচেতনতার পাশাপাশি বিবাহ রেজিস্ট্রারদের বর-কনের বয়স খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। এসব বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। জয়পুরহাট জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস জানান, বাল্যবিবাহ, ইভ টিজিং, নারীশিশু নির্যাতনরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সচেতনতামূলক কার্যক্রম প্রশাসন থেকে অব্যাহত রয়েছে। বাল্যবিবাহের কোনো খবর পাওয়া গেলেই সেখানে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে পরিবারকে বুঝিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হচ্ছে।ইউনিসেফের চাইল্ড প্রটেকশন সেকশনের প্রকল্প কর্মকর্তা সৈয়দ ইমতিয়াজ আহমেদ বলেন, বাল্যবিবাহ রোধে নারীদের চেয়ে পুরুষদের সচেতন করার ওপর জোর দিতে হবে।