বালিয়াডাঙ্গা উচ্চবিদ্যালয় এখন পর্যন্ত কোনো সরকারি অনুদান পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর তানবিরুল আলম সদর উপজেলার বালিয়াডাঙ্গা উচ্চবিদ্যালয়টি দেখতে যান একাধিকবার। কেননা, এ বিদ্যালয় থেকেই তিনি এসএসসি পাস করেছেন। তাঁর সহপাঠী ও বন্ধু এখন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তা ছাড়া বালিয়াডাঙ্গা গ্রামেই বোর্ড চেয়ারম্যানের বাড়ি। তাই বাড়ি এলেই তিনি বিদ্যালয়ে আসেন। এটা কোনো পেশাগত পরিদর্শন নয়। অনেক সুখস্মৃতিই জড়িয়ে আছে তাঁর এ বিদ্যালয়ের সঙ্গে। কিন্তু বিদ্যালয়ে এলেই এর জীর্ণ করুণ দশা দেখে দুঃখে ভরে যায় তাঁর মন। তানবিরুল আলম বিদ্যালয়টি সম্পর্কে নিজে এসব জানান। তিনি আরও বলেন, ‘এখান থেকে পাস করেও বিদ্যালয়ের উন্নায়নের জন্য কোনো ভূমিকা রাখতে পারিনি। আমাদের এলাকার সাংসদ (চাঁপাইনবাবগঞ্জ-৩ আসানের সাংসদ) মহোদয়কে অনুরোধ জানিয়েছি ভূমিকা রাখতে। তিনি অবশ্য কথা দিয়েছেন। এখন দেখা যাক কী হয়।’ প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক জানান, ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয় বালিয়াডাঙ্গা জুনিয়ার মাদ্রাসা। আর ১৯৫৮ সালে এটি পরিবর্তিত হয় বালিয়াডাঙ্গা উচ্চবিদ্যালয় হিসেবে। বিদ্যালয়ের ১২টি কক্ষের বর্তমান ভবনটি নির্মিত হয় ১৯৬৬ সালে। কাদার গাঁথুনি দিয়ে ইটের ১৫ ইঞ্চি দেয়ালের ওপর কাঠ আর চুন-সুরকির ছাদ। ৪৪ বছরের পুরোনো কক্ষগুলোর প্রায় প্রতিটিরই ছাদের কাঠের বিমেই ধরেছে ঘুণ। ছাদ থেকে খসে পড়ছে বড় বড় চল্টা। ধসে পড়া ঠেকাতে বারান্দায় দেওয়া হয়েছে বাঁশের ঠেকা। ছাদ দিয়ে চুইয়ে পানি পড়ে। লাইব্রেরির দেয়াল স্যাঁতসেঁতে হয়ে বই নষ্ট হয়ে যাচ্ছে। ইতিমধ্যে ৪০০ বই নষ্ট হয়ে গেছে। স্থানের অভাবে অবশিষ্ট বইগুলো বেঁধে অফিস কক্ষে রাখা হয়েছে। কম্পিউটারের কক্ষটির অবস্থাও খুবই করুণ। বিদ্যালয়ে রয়েছে বেঞ্চের অভাব। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হাবিবুল্লাহ, লামিয়া জাহান ও দশম শ্রেণীর খাদিজা আক্তার, আমিনুল হক জানায়, গাদাগাদি করে তারা বসতে অভ্যস্ত হয়ে গেছে। সহকারী শিক্ষক আমিনুল হক বলেন, ‘পাঠদান করার সময় বিশেষ করে বর্ষাকালে আমরা ভয়ে ভয়ে থাকি। বিদ্যালয়ের ১০টি কক্ষই হুমকির মুখে রয়েছে।’ প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক জানান, এ বিদ্যালয় দুবার জেলায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ের নেই কোনো সীমানাপ্রাচীর। ফলে গরু-ছাগল চরে বেড়ায়। মানুষজন চলাচল করে। মাঠটি এবড়োখেবড়ো হয়ে পড়েছে। কিন্তু অর্থের অভাবে সংস্কার করা যাচ্ছে না। তিনি জানান, বিদ্যালয়ের উন্নায়নের জন্য এলাকার সাংসদ আবদুল ওদুদকে আবেদন জানানো হয়েছে। তিনি অগ্রাধিকার ভিত্তিতে এ বিদ্যালয়ের উন্নায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করবেন বলে কথা দিয়েছেন। সাংসদ আবদুল ওদুদ এ প্রসঙ্গে বলেন, ‘জেলায় ভবন নির্মাণের জন্য কোনো বিদ্যালয় সরকারি অনুদান পেলে প্রথমে বালিয়াডাঙ্গা উচ্চবিদ্যালয় তা পাবে। আমি এ ব্যাপরে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।’