বালু উত্তোলন ঠেকাতে রাতদিন পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনার কয়েকটি স্থান থেকে প্রভাবশালীরা অবৈধভাবে বালু উত্তোলন করায় বেড়া উপজেলার চরসাঁড়াশিয়া, চরনাগদাহ, চরনাকালিয়া, চরসাফুল্যা ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমরপুর গ্রাম ভাঙনের মুখে পড়েছে। এলাকাবাসী জানান, বালু উত্তোলনের ফলে ইতিমধ্যেই এসব গ্রামের অন্তত দেড় হাজার বিঘা জমি অনাবাদি হয়ে পড়েছে। এ অবস্থায় গ্রামবাসী একজোট হয়ে বালু কাটা প্রতিরোধ কমিটি গঠন করে কয়েক দিন আগে বালু উত্তোলনকারীদের তাড়িয়ে দেয়। এর পর থেকে তাঁরা পালা করে দিনরাত যমুনা নদীর বিভিন্ন স্থান পাহারা দিচ্ছেন। এ নিয়ে চরবাসী ও বালু উত্তোলনকারীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা।চরবাসী জানান, বালু উত্তোলন বন্ধ করতে প্রশাসনের কাছে একাধিক আবেদন করেও লাভ হয়নি। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে ২৮ অক্টোবর তাঁরা চরসাঁড়াশিয়া গ্রামে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেন। হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ময়সার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চরসাঁড়াশিয়া গ্রামের বাসিন্দা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা নজরুল ইসলাম, আবদুল বারী, আবদুল আজিজ প্রমুখ।তাঁদের বক্তব্য ও লিখিত বিবরণ থেকে জানা যায়, যমুনার চরাঞ্চল নিয়ে গঠিত বেড়া উপজেলার চরসাঁড়াশিয়া, চরনাগদাহ, চরনাকালিয়া, চরসাফুল্যা ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমরপুর গ্রামের আশপাশে কয়েক বছর আগে কয়েকটি নতুন চর জেগে ওঠে। জেগে ওঠা জমিতে চরবাসী বোরো ও বাদামের চাষ করে আসছিল। কিন্তু চলতি বছর বিভিন্ন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি একত্র হয়ে ২০ থেকে ২৫টি ড্রেজারের মাধ্যমে গ্রামগুলোর পার্শ্ববর্তী যমুনা নদীতে ৫০ থেকে ৬০ ফুট গভীর করে অবৈধভাবে বালু উত্তোলন করতে থাকে। এতে বালু আলগা হয়ে নদীর স্রোতে ডুবে থাকা ফসলি জমির ওপর জমা হয়। বর্ষার পানি নেমে যাওয়ার পর সম্প্রতি এলাকাবাসী জমিতে চাষ করতে গিয়ে দেখতে পান প্রচুর জমিতে বালুর পুরু স্তর। ফলে এসব জমিতে এবার আর তাঁরা চাষ করতে পারছেন না। এ ছাড়া বেপরোয়াভাবে বালু তোলায় যমুনার স্রোত দিক পাল্টে গ্রামগুলো বরাবর আঘাত করছে। এতে গ্রামগুলোর বাসিন্দারা আবারও নদীভাঙনের আশঙ্কা করছেন।চরসাঁড়াশিয়া গ্রামের বাসিন্দা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নদী শান্ত হয়ে আসায় বারবার নদীভাঙনের শিকার হওয়া কয়েক গ্রামের মানুষ বেশ স্বস্তির মধ্যে ছিলেন। কিন্তু বালুদস্যুরা যমুনার কয়েকটি স্পর্শকাতর স্থান থেকে বালু তোলায় এলাকাটি আবারও ভাঙনের মুখে পড়ে।চরসাঁড়াশিয়া গ্রামের আবদুস সাত্তার (৬৫) বলেন, ‘ছোটবেলা থেকে যমুনাকে দেখে দেখে এর চরিত্র আমরা বুঝে ফেলেছি। কীভাবে কোন স্থান থেকে বালু তুললে ভাঙন দেখা দেবে সে ব্যাপারে এখন আমরা অভিজ্ঞ। বালুদস্যুরা যেভাবে বালু তুলছে তাতে শিগগিরই উমরপুর, চরনাকালিয়া ও চরসাঁড়াশিয়া গ্রাম যমুনায় বিলীন হয়ে যাবে।’চরনাকালিয়া গ্রামের আবদুল আজিজ (৪৫) কিছু জমি দেখিয়ে বলেন, ‘ওইখানে আমাগরে চার ভাইয়ের ১০০ বিঘা জমি আছে। গত বছরেও ওই জমিতে বোরোর আবাদ করছিলাম। কিন্তু এবার দ্যাখেন জমির ওপর এক-দেড় হাত বালু পড়িছে। এবার আর কোনো কিছুই চাষ করার উপায় নাই।’সরেজমিনে ঘুরে চর এলাকার কয়েকটি গ্রামে ব্যাপক উত্তেজনা দেখা গেছে। বালু উত্তোলনকারীদের ঠেকাতে চরবাসীদের পালা করে নদী পাহারা দিতে দেখা গেছে। এ দিকে বালু উত্তোলনকারীদের তাড়িয়ে দেওয়ায় তাঁরা চরবাসীদের হুমকি দিচ্ছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। চরনাগদাহ গ্রামের সোনা মিয়া (৫৫) বলেন, ‘তারা জোর করে বালু কাটার পাঁয়তারা করতাছে। কিন্তু জান দিয়্যা হলিউ আমাগরে এই মাটিক আমরা রক্ষা করব।’হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘অবৈধভাবে বালু তোলায় আমার ইউনিয়নের চর এলাকার কয়েকটি গ্রাম ভাঙনের হুমকিতে পড়েছে। তা ছাড়া প্রচুর ফসলি জমি অনাবাদি হয়ে পড়ছে। আমি এ ব্যাপারে এলাকাবাসীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইতিমধ্যেই বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে বলেছি।’বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসানুল মতিন বলেন, ‘আমার জানামতে বালু উত্তোলনকারীদের কোনো বৈধ কাগজপত্র নেই। অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়ার পর বালু উত্তোলনকারীদের নাম সংগ্রহ করে তাদের নোটিশ দিয়েছি। আমার জানামতে এখন কোথাও বালু উত্তোলন হচ্ছে না। এ ব্যাপারে আমরা কড়া নজর রেখেছি।’