বালু উত্তোলনে বাড়িঘর ও আবাদি জমি হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছার ত্রিমোহনী খেয়াঘাটে ঘাঘট নদী থেকে কয়েকটি স্বার্থান্বেষী মহল অবৈধভাবে দীর্ঘদিন ধরে শ্যালোমেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন করছে। এতে ঘাটের আশপাশের আবাদি জমি ও বেশ কিছু বাড়িঘর ইতিপূর্বে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আরও জমি ও বাড়িঘর হুমকির সম্মুখে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, পীরগাছা ও মিঠাপুকুর উপজেলার সীমান্তবর্তী ত্রিমোহনী খেয়াঘাটে কয়েকটি স্বার্থান্বেষী মহল ঘাঘট নদী থেকে অবৈধভাবে দীর্ঘদিন ধরে শ্যালোমেশিনে অবাধে বালু তুলছে। অবাধে বালু তোলায় এক বছরে খেয়াঘাটের আশপাশের শতাধিক পরিবারের ঘরবাড়ি ও আবাদি জমি নদীতে বিলীন হয়েছে। সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, ১০ থেকে ১২টি শ্যালোমেশিন দিয়ে নদী থেকে বালু তোলা হচ্ছে। এসব বালু ট্রলিযোগে পীরগাছা উপজেলার বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে।বালু উত্তোলনের কাজের সঙ্গে জড়িত শ্রমিক রাজু মিয়া জানান, প্রতি ট্রলি ২৫০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এই বালু রাস্তা থেকে শুরু করে দালানকোঠা নির্মাণের কাজে ব্যবহার করা হচ্ছে। বালু ব্যবসায়ী আ. সাত্তার বলেন, প্রতিদিন গড়ে একটি শ্যালোমেশিন দিয়ে নদী থেকে ২৫ থেকে ৩০ ট্রলি বালু তোলা হচ্ছে। বালু ব্যবসায়ী জয়নাল মিয়া বলেন, ‘ঘাঘট নদীর ভাঙনে আমার আবাদি জমি নদীতে গেছে। বিলীন হওয়ায় সেই জমি থেকে বালু তুলছি। এতে কারও কোনো ক্ষতি হচ্ছে না।’মিঠাপুকুর উপজেলার বেণীপুর গ্রামের বালু ব্যবসায়ী সাইদুর, আনারুল, মোতালেব, সাহিন এবং কামালপুর গ্রামের বালু ব্যবসায়ী রফিক মিয়া জানান, নদীভাঙনে বিলীন হওয়া তাঁদের নিজেদের জমির অংশ থেকেই তাঁরা বালু তুলছেন।এদিকে নদীর ভাঙনে বাড়িঘর ও আবাদি জমি হারানো উপজেলার আটষট্টিপাড়া গ্রামের হাছেন আলী, হাইফত আলী, মমিন মিয়া ও নুরু মিয়াসহ অনেকে অভিযোগ করেন, সরকারিভাবে কোনো নজরদারি না থাকায় বালু ব্যবসায়ীরা অবাধে বালু তুলছে। এতে নদীভাঙন বাড়ছে। তাঁদের মতো অনেকেই বসতভিটা হারিয়ে নিঃস্ব হচ্ছেন। অপরদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘ঘাঘট নদী থেকে বালু উত্তোলনের ব্যাপারে এই পর্যন্ত আমার কাছে কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে বিষয়টি দেখব।’মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ত্রিমোহনী খেয়াঘাটে ঘাঘট নদী থেকে বালু উত্তোলনের জন্য কাউকে কোনো ইজারা দেওয়া হয়নি। তবে কেউ যদি বালু উত্তোলন করে, তাহলে বিষয়টি দেখবেন বলে তিনি জানান।