হাইকোর্টের আদেশেও কাজ হয়নি, বাধার মুখে ভেস্তে গেছে হাঁটা পথ প্রকল্প
বালু ও পাথরের ব্যবসা করতে শীতলক্ষ্যায় বাঁধ
শীতলক্ষ্যার বুকে বালু আর পাথরের ব্যবসা চলছেই। এই ব্যবসার জন্য বালুর বস্তা ফেলে নদীর মাঝ বরাবর বাঁধ পর্যন্ত দেওয়া হয়েছে। বাঁধের কিনারে এসে ভিড়ছে বালু আর পাথরবাহী কার্গোযান। শত শত শ্রমিক ব্যস্ত কার্গো থেকে বালু আর পাথর নামাতে। মাল নিয়ে সেখান থেকে একের পর এক ট্রাক ছুটছে গন্তব্যে। সম্প্রতি সরেজমিন ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে কাঁচপুর সেতুর নিচে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে এই সেতুরই গা-ঘেঁষা একটি স্থান ‘পাথরঘাট’। এখানে এক শর মতো ব্যক্তি বালু আর পাথরের ব্যবসা করেন। সড়ক কিংবা সড়কের পাশে শীতলক্ষ্যার সীমানা খুঁটি তাঁরা কেউ মানেন না। সড়ক থেকে শুরু করে খুঁটি পেরিয়ে নদীর মাঝখানে অনেক দূর চলে গেছে বালু আর পাথর ব্যবসার সীমানা। নদীতীরের সড়ক ধরে যাওয়ার সময় রফিক এন্টারপ্রাইজ, রফিক অ্যান্ড সন্স, রানু এন্টারপ্রাইজ, একুশে ট্রেডার্সসহ বেশ কয়েকটি সাইনবোর্ড চোখে পড়ে। এ ছাড়া রয়েছে সাইনবোর্ডবিহীন আরও অনেক ব্যবসায়ীর বালু ও পাথর বিক্রয়কেন্দ্র। বালু ও পাথরের ছোট ব্যবসায়ীরা প্রকাশ্যে থাকলেও এর নেপথ্যে প্রভাবশালী শক্তি রয়েছে বলে স্থানীয় একাধিক সূত্রের দাবি।স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যার বুকে বালু ও পাথরের ব্যবসা চলছে। হাইকোর্টের আদেশ সত্ত্বেও তা বন্ধ হয়নি। প্রসঙ্গত, ঢাকার চারপাশের নদীগুলোর তীরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। ২০০৭ সালের ‘এক-এগারোর’ পর তত্ত্ব্বাবধায়ক সরকারের সময়ে এখানকার অবৈধ ব্যবসা উচ্ছেদ করা হলেও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ব্যবসা আবার শুরু হয়। এবং তা আরও চাঙা হয়েছে। আগে নদীর এক তীরে ব্যবসা চললেও এখন চলছে দুই তীরেই। দখলের কারণে সেতুর নিচে শীতলক্ষ্যা সরু হয়ে গেছে। স্থানীয় ব্যক্তিরা বলেন, বর্ষায় কিছুটা সচল থাকলেও শুকনা মৌসুমে সেতুর নিচে শীতলক্ষ্যা প্রায় ছোট খালে পরিণত হয়। সীমানা খুঁটি নদীর সীমানা ঠিক রাখতে পারছে না। বালু আর পাথর ব্যবসার কারণে সেতুর নিচে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নম্বর অঙ্কিত কয়েকটি পিলারই বালুতে ঢেকে গেছে। এমনকি পাশের সড়কেরও অনেকখানি ব্যবসায়ীদের দখলে।সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, কাঁচপুর সেতুর নিচে এই অবৈধ বালু ও পাথরের ব্যবসা উচ্ছেদে বহুবার উদ্যোগ নিয়েও কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। অবৈধ ব্যবসা উচ্ছেদ করে নদীর তীরে হাঁটার পথ নির্মাণের জন্য ১৭ কোটি টাকার টেন্ডারও আহ্বান করা হয়েছিল। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ঠিকাদার নির্মাণকাজ শুরু করলেও বালু ও পাথর ব্যবসার নেপথ্যের প্রভাবশালী চক্র বাধা দেওয়ায় কাজ বন্ধ হয়ে যায়।সরকারি কাজে বাধাদান, সরকারি কর্মকর্তাদের হুমকি দেওয়া এবং নদীতীরের প্রায় ৮০০ শতাংশ জমি দখলের অভিযোগে বিআইডব্লিউটিএ সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। মামলায় নেপথ্যে এই ব্যবসা পরিচালনাকারী হিসেবে আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কমিশনার নূর হোসেন ও তাঁর ভাই নুরুজ্জামানকে। স্থানীয় অনেকেই তাঁদের বালু-পাথর ব্যবসার নেপথ্য শক্তি হিসেবে বর্ণনা করেছেন। আওয়ামী লীগের কোনো পদে না থাকলেও দলটির প্রভাবশালী নেতা শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কমিশনার নূর হোসেন। শিমরাইল ট্রাকস্ট্যান্ডের শ্রমিক নেতা হিসেবেও পরিচিতি রয়েছে তাঁর। বিগত নির্বাচনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হয়েছেন নূর হোসেন। তবে একসময় ইউপি চেয়ারম্যান ছিলেন বলে এখনো অনেকের কাছে তিনি পরিচিত চেয়ারম্যান হিসেবে।এ বিষয়ে বিআইডব্লিউটিএর আওতাধীন নারায়ণগঞ্জ নদীবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, উচ্ছেদের নোটিশ থেকে শুরু করে উচ্ছেদ অভিযান এবং সবশেষ উদ্যোগ হিসেবে ফৌজদারি মামলা করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় ২২টি চিঠি দেওয়া হয়েছে। গত কয়েক বছরে ৮-১০ বার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। নদী দখলমুক্ত করতে সব চেষ্টাই চলছে।তবে বালু ও পাথর ব্যবসায়ীদের নদীর জায়গা দখল করার অভিযোগ অস্বীকার করেছেন নূর হোসেন। নিজে এর সঙ্গে যুক্ত নন বলেও দাবি করেন। অভিযোগ প্রসঙ্গে প্রথম আলোকে তিনি বলেন, ‘এটা নদীর জায়গা নয়, ব্যবসায়ীদের জায়গা। এখানে আমার ব্যবসা নেই। আমার ভাইয়ের ব্যবসা আছে।’নদীতীরে হাঁটা পথ নির্মাণ বন্ধ করা প্রসঙ্গে তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেন, ‘এখানে ১০ হাজার মানুষের জীবিকা নির্বাহ হয়। মানুষের জীবন বড়, না নদী বড়? মানুষের জীবন বাঁচলে নদীও বাঁচবে।’কাঁচপুর সেতুর নিচে বালু ও পাথরের ব্যবসাকে ঘিরে অন্য অনেক ব্যবসাও জমজমাট। বালু ও পাথর উত্তোলনের উপকরণের দোকানপাট, রেস্তোরাঁ, ছোট চায়ের দোকান এমনকি কাপড়-চোপড় ও ফলের দোকান বসেছে সেতুর নিচে। ভোর থেকে বেশ রাত পর্যন্ত জমজমাট থাকে এগুলো।দূরদূরান্ত থেকে শ্রমিকেরা কাজ করতে আসেন শীতলক্ষ্যার তীরে। তাঁদের অনেকের সঙ্গে কথা বললে তাঁরা স্বীকার করেন যে নদী দখল করে ব্যবসা করা হচ্ছে। নূর এন্টারপ্রাইজের একজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, কাঁচপুর সেতু থেকে শিমরাইলের শেষ সীমানা পর্যন্ত চেয়ারম্যানের (নূর হোসেন) আওতায় শ খানেক বালু-পাথর ব্যবসায়ী রয়েছেন। ওই কর্মী বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে চেয়ারম্যানের কী লেনদেন আছে জানি না। তবে এঁদের বেশির ভাগই চেয়ারম্যানের আত্মীয়স্বজন। চেয়ারম্যানের নিজের কোনো ব্যবসা এখানে নেই। তবে তাঁর ভাই নুরুজ্জামানের ব্যবসা আছে।’নদীতীরের অবৈধ দখলদার উচ্ছেদ প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে বিআইডব্লিউটিএ দায়িত্ব পালন করে। তারা সহায়তা চাইলে জেলা প্রশাসন তা দিয়ে থাকে।’