বালু তুলতে বাধা, গুলিতে বৃদ্ধ কৃষক নিহত
ঢাকার কেরানীগঞ্জে বালু তুলতে বাধা দেওয়ায় সন্ত্রাসীদের গুলিতে এক কৃষক নিহত ও তিনজন আহত হয়েছেন। উপজেলার রুহিতপুর ইউনিয়নের পুরাতন সোনাকান্দায় ধলেশ্বরী নদীর ধারে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম আলমাস আলী (৭০)। তিনি পুরাতন সোনাকান্দা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন সফর আলী, আরজ আলী ও স্বপন মিয়া। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, ধলেশ্বরী নদীসংলগ্ন আলমাসের জমিতে গতকাল ভোর থেকে খননযন্ত্র দিয়ে বালু তুলছিলেন স্থানীয় আওয়ামী লীগের কর্মী মো. সেলিম মিয়া, তাঁর ভাই রুহিতপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ আলী, মো. ইমরানসহ ২০-২৫ জন। খবর পেয়ে সকাল নয়টার দিকে আলমাস তাঁর ভাগিনা সফর আলী, ভাতিজা আরজ আলী, স্বপনসহ ২৫-৩০ জন আত্মীয়স্বজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় সেলিমের সমর্থকদের শটগানের গুলিতে আলমাস, সফর, আরজ ও স্বপন গুলিবিদ্ধ হন। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আলমাস মারা যান। আহত ব্যক্তিদের প্রথমে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সফর আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আলমাসের বড় ছেলে বাদল মিয়া বলেন, ‘গতকাল ভোরে সেলিম, শাহ আলী, ইমরানসহ আরও কিছু লোক আমাদের জমি থেকে মাটি কেটে নিচ্ছিলেন। কিন্তু বাবা লোকজন নিয়ে এতে বাধা দেওয়ায় সেলিমের লোকজন তাঁদের ওপর গুলি চালান। পরে গুলিবিদ্ধ হয়ে বাবা নিহত হন।’ তিনি অভিযোগ করে বলেন, এ বিষয়ে একাধিকবার পুলিশকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এ ব্যাপারে সেলিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন খান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহ আলী ও ইমরানকে আটক করা হয়েছে।