পারকি সমুদ্রসৈকত এলাকাসংলগ্ন সমুদ্রের মোহনা থেকে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে পরিবেশ অধিদপ্তর।পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিদর্শক তাজনিমুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বসুন্ধরা গ্রুপের বালু উত্তোলনের কারণে ওই এলাকায় যে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে, তা বন্ধের জন্য আমরা বন্দরকে গতকাল চিঠি দিয়েছি। এ ব্যাপারে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার লে. কমান্ডার হাবিবুল আলম প্রথম আলোকে বলেন, ‘বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের নিচু জায়গা ভরাটের জন্য পারকি সমুদ্রসৈকত এলাকায় অননুমোদিতভাবে ড্রেজার দিয়ে বালু তোলার বিষয়টি আমাদের লোকজন সরেজমিনে পরিদর্শন করে নিশ্চিত হয়। এরপর আমরা তাদের ড্রেজার সারানোর জন্য নির্দেশ দিই। তারা মঙ্গলবার (গতকাল) বিকেলের মধ্যে তা সরিয়ে নেবে বলে আমাদের নিশ্চয়তা দেয়। না সরালে বুধবার সকালে আমরা ড্রেজারটি জব্দ করব।’বন্দরকে দেওয়া পরিবেশ অধিদপ্তরের চিঠিতে বলা হয়, ‘বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড কর্তৃক পরিবেশ ছাড়পত্র গ্রহণ ছাড়াই পারকি সৈকত এলাকার কর্ণফুলী নদীর মোহনায় ড্রেজার দিয়ে বালু তোলায় প্রায় ১৯২ একর জমি দুই-তিন ফুট দেবে গেছে। এতে বনায়ন ধ্বংস হয়ে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি সাধিত হয়েছে। এমতাবস্থায় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড কর্তৃক এ ধরনের প্রকল্পের কার্যক্রম বন্ধের জন্য বাংলাদেশ পরিবেশ আইন অনুযায়ী অনুরোধ করা গেল।’এ চিঠি প্রসঙ্গে হাবিবুল আলম বলেন, ‘বিকেল হয়ে যাওয়ায় হয়তো চিঠিটি আমার কাছে আসেনি। এর আগেও পরিবেশ অধিদপ্তর আমাদের এ ধরনের চিঠি দিয়েছে। এরপর আমরা পারকি সৈকত এলাকায় অননুমোদিত ড্রেজিং বন্ধের উদ্যোগ নিয়েছি।’