গত বছরের অক্টোবরে পূজার ছুটিতে হঠাৎই পঞ্চগড় গেলাম বেড়াতে। শেখ ফরিদ, বনমোরগ, বুনো কোয়েল ও বেশ কিছু বিরল প্রজাতির পাখির বাস ওখানে। কাজী অ্যান্ড কাজী গ্রুপের জেমকন এস্টেটের ব্যবস্থাপক অনুজ সাজ্জাদের অতিথিশালায় খানিকক্ষণ বিশ্রাম নিয়ে বিরল পাখির সন্ধানে ছুটলাম অটোয়ারী সীমান্তের নাগরা-নাগরি নদীর পাড়ে।ক্ষীণধারায় প্রবহমান নদীর হাঁটুসমান পানিতে কাদা মাখামাখি করে বাচ্চা ছেলেরা মাছ ধরছে। প্রথমেই যে পাখিটি নজরে এল, সেটি পাকড়া খঞ্জন। এরপর হলদে-মাথা খঞ্জন, ছোট সাদা বক, ছোট পানকৌড়ি ও সাদা-গলা মাছরাঙা। তারপর সাদা-কালো পাকড়া মাছরাঙা; বেশ কিছুক্ষণ লুকোচুরি করে ওর মাছ ধরার কৌশল উপভোগ করলাম। কিন্তু বালুময় পাড়ের সেই বিরল পাখিগুলোর দেখা পেলাম না। বারবার তাকাচ্ছিলাম ভাঙনরত পাড়ের দিকে। হঠাৎ চোখে পড়ল এক জোড়া ছোট পাখি বালুময় খাড়া পাড় আঁকড়ে অনুপম ভঙ্গিমায় বসে আছে। কিন্তু কাদার কারণে ছবি তোলার নিরাপদ দূরত্বে যেতে পারলাম না। কোনোরকমে দু-একটা ক্লিক করে রণে ভঙ্গ দিলাম।এরপর ২৫০-৩০০ গজ ঘুরে লুকিয়ে লুকিয়ে পাখিগুলোর কাছে ছবি তোলার মতো দূরত্বে চলে এলাম। সেই একই ভঙ্গিমায় ওরা বসে আছে। কোনোটা বালুময় খাড়া পাড়ে, কোনোটা মাটিতে, কোনোটা আবার পড়ন্ত গাছের শিকড়ে। একসময় দলবেঁধে উড়ে গেল। আকাশে কয়েক চক্কর দিয়ে আবার ফিরে এল। কিছুক্ষণ পর পরই এ রকম করতে লাগল। বেশ মনকাড়া সে দৃশ্য।এ পাখিগুলোর নাম ‘বালু নাকুটি’ (Sand Martin)। ‘নাককাটি’ নামেও পরিচিত। বাংলাদেশের এক বিরল প্রজাতির পরিযায়ী পাখি। তবে পরিযায়ী হলেও এরা কিন্তু মোটেও মেহমান নয়। বরং বাংলাদেশের পাখিসম্ভারেরই অংশ। এই পরিযায়িতা এদের জীবনচক্র সম্পন্ন করার জন্যই প্রয়োজন। তাই সুদূর সাইবেরিয়া থেকে বছরের একটি নির্দিষ্ট সময় (শীতকালে) এলেও এরা আমাদেরই পাখি। এ দেশের বিভিন্ন নদ-নদীর বালুময় পাড়ে দলবেঁধে ঘুরে বেড়ায়; একসঙ্গে ৫০টি বা এরও বেশি দেখা যায়। বৈজ্ঞানিক নাম Riparia riparias অর্থাৎ ‘তলোয়ারঠুঁটো’ পাখি।এরা ছোট আকারের পাখি। লম্বায় ১৩ সেন্টিমিটার। দেহের ওপরটা গাঢ় বাদামি। কানের ওপরটা ধোঁয়াটে ধূসর। গলা ও দেহের নিচটা সাদা; বুকে গাঢ় বাদামি দাগ। সুচালো ডানা দুটোর ওপরটা গাঢ় বাদামি। ডানার নিচ ও চোখের রঙ বাদামি। পা ছোট, পা ও পায়ের নালা গাঢ় বাদামি। ঠোঁট কালো। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম। বাচ্চাগুলোর বুকে হলদে দাগ, গলায় হলদেটে শেড। বুকের দাগগুলো হালকা।সাইবেরিয়ায় অক্টোবর-নভেম্বরে এরা প্রজনন সম্পন্ন করে। নদীর তীরে মাটিতে টানেলের মতো গর্ত করে স্ত্রী নাকুটি তাতে তিন-চারটি সাদা ডিম পাড়ে।