বালু ব্যবসার নামে তুরাগতীর আবারও অবৈধ দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চারপাশের নদীগুলো রক্ষায় নানা উদ্যোগ নেওয়ার কথা বলা হলেও দখল-দূষণ থেমে নেই। রাজধানী থেকে মাত্র ২০-২৫ কিলোমিটার দূরে আমিনবাজার সেতুর নিচ দিয়ে বয়ে গেছে তুরাগের একটি ক্ষীণ ধারা। অবৈধ দখলদারেরা তুরাগের ওই অংশটুকুও দখল করতে মরিয়া হয়ে উঠেছে। অভ্যন্তরীণ নৌপরিবহন অধিদপ্তর নদীর দুই পাশে কয়েক দফা অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে। নির্মাণ করা হয়েছে সীমানাপ্রাচীর। কিন্তু দখলদারেরা সেই সীমানাপ্রাচীরও অতিক্রম করেছে এবং দখলবাজিতে মেতে উঠেছে আবার। বালু ব্যবসার নামে তুরাগ নদের দুই পাশ আবারও ভরাট শুরু করেছে তারা।পরিবেশ সংরক্ষণ আইন, ২০১০ অনুযায়ী দেশের কোনো এলাকাতেই জলাভূমি ভরাট করা দণ্ডনীয় অপরাধ। ২০০৯ সালের ৪ অক্টোবর পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে রাজধানীর চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদের তীরবর্তী এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। এ ঘোষণার পর থেকে তুরাগসহ চারটি নদীর চারপাশে কোনো ধরনের শিল্পপ্রতিষ্ঠান স্থাপন ও নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয় এমন কোনো কার্যক্রম চালানো নিষেধ।২০০৯ সালের জুনে হাইকোর্ট রাজধানীর চারটি নদীকে দখলমুক্ত করতে রায় দেন। এতে বলা হয়, নদীর তীরে বালু ফেলা যাবে না। পরিবেশ অধিদপ্তর থেকে এখন পর্যন্ত এই আইন বাস্তবায়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযানও বন্ধ রেখেছে।পরিবেশ বিশেষজ্ঞরা জানিয়েছেন, নদী ব্যবস্থাপনায় পানিসম্পদ মন্ত্রণালয়, নদীর চর ব্যবস্থাপনা ও বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়, নদীর পরিবেশ রক্ষায় পরিবেশ ও বন মন্ত্রণালয়, নৌপরিবহনের ক্ষেত্রে নৌপরিবহন মন্ত্রণালয় কাজ করে। আবার অবৈধ স্থাপনা ও দখল থেকে নদীকে মুক্ত করার দায়িত্ব বিআইডব্লিউটিএ এবং জেলা প্রশাসকের। কিন্তু নদী দখল রোধে কোনো সংস্থাই সুনির্দিষ্ট ও ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করে না।পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহিরকান্তি মজুমদার এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, পরিবেশ অধিদপ্তর থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে। পরিবেশ সংরক্ষণ আইন, ২০১০ ও ইসিএ নীতিমালা ভঙ্গ করার অপরাধে দখলদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব উল্লেখ করে তিনি বলেন, সরকারি সম্পত্তি পেলেই তা দখল করার মানসিকতারও পরিবর্তন দরকার।