বালুচরে আটকা পড়েছে ৯৯টি তিমি (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের সমুদ্রসৈকতে বহু তিমি আটকা পড়েছে। আটকেপড়া তিমিগুলোকে বাঁচাতে স্বেচ্ছাসেবকেরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গতকাল সোমবার নিউজিল্যান্ডের উত্তর উপকূলীয় অঞ্চল ফেয়ারওয়েল স্পিটে ৯৯টি পাইলট তিমি আটকা পড়ে। তিমিগুলোকে আবারও পানিতে ভাসানোর জন্য চেষ্টা করছেন স্বেচ্ছাসেবকেরা। তাঁরা তিমিগুলোকে অগভীর পানিতে নিয়ে যেতে চাইছেন।একজন স্বেচ্ছাসেবক রয়টার্সকে বলেন, তিমিগুলোর চারপাশে শুধু বালু আর বালু। কোনো পানি নেই। তাই প্রাথমিকভাবে তাদের পানির সংস্পর্শে রাখার চেষ্টা চলছে। এ জন্য কিছুক্ষণ পর পর পানি দিয়ে তিমিগুলোকে ভিজিয়ে দেওয়া হচ্ছে। এরপর জোয়ার এলে তাদের সমুদ্রে চলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে।স্বেচ্ছাসেবকেরা জানান, এরই মধ্যে ৩৪টি তিমি বালুচরে মারা গেছে। কিছু তিমি জোয়ারে ভেসে সমুদ্রে চলে গিয়েছিল। পরে তারা আবারও তীরে ফিরে আসে এবং আটকা পড়ে। স্বেচ্ছাসেবকেরা পরিকল্পনা করেছেন, যেকোনো একটি তিমিকে তাঁরা পানিতে ভাসানোর চেষ্টা করবেন। আর এতে করে অন্য তিমিগুলোও পানিতে ফিরে যেতে চাইবে।তিমিদের সাহায্যার্থে কাজ করা একটি সংগঠন প্রজেক্ট জোনাহর প্রধান নির্বাহী কিম্বার্লি মুনকাস্টার বলেন, পন্টুন নামে বিশেষ একটি ফাঁপা ধাতব কাঠামোর ওপর একটি তিমিকে রেখে অগভীর পানিতে ভাসিয়ে সমুদ্রের দিকে নিয়ে যাওয়া হবে। আর এই দৃশ্য দেখে আটকেপড়া অন্যান্য তিমিও সমুদ্রের দিকে চলে যাবে।এই নিয়ে চলতি গ্রীষ্মে তৃতীয়বারের মতো তিমি আটকেপড়ার ঘটনা ঘটল। তবে এবার স্বেচ্ছাসেবকেরা তিমিদের বাঁচানোর ব্যাপারে অনেক আশাবাদী। গত মাসে ১৮টি তিমিকে সমুদ্রে ফিরিয়ে নিতে সক্ষম হয়েছিলেন স্বেচ্ছাসেবকেরা।