বালুমহাল নিয়ে সংঘর্ষে শ্রমিক লীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের যমুনা নদীতে বালুমহালের দখল নিয়ে গতকাল রোববার দুই পক্ষের সংঘর্ষে জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন (৪৭) নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৪ জন। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এতে শত শত যানবাহন আটকা পড়ে। এ ছাড়া জেলার অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, বালুমহালের দখল নিয়ে দীর্ঘদিন ধরে সাবেক কাউন্সিলর ও বিএনপির সমর্থক আবদুস সাত্তারের সঙ্গে শ্রমিক লীগের নেতা ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের বিরোধ চলছিল। এ নিয়ে এর আগেও দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়। গতকাল সকালে উভয় পক্ষের লোকজন সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার সীমান্তে বড়পিয়ার এবং বানপিয়ার এলাকার যমুনা নদীতে নৌকা নিয়ে অবস্থান নেয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় নাসির উদ্দিনকে কুপিয়ে জখম করা হয়। উভয় পক্ষে আহত হন আরও অন্তত ২৪ জন। নাসিরের সমর্থকেরা গুরুতর অবস্থায় তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এখানে বেলা সাড়ে তিনটার দিকে নাসির মারা যান। আহত ব্যক্তিদের মধ্যে আবদুস সাত্তার, মো. সাগর, মো. ফারুকসহ কয়েকজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন বেসরকারি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। নাসিরের নিহত হওয়ার খবরে মোটরশ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা জেলার অভ্যন্তরীণ সব পথে অনির্দিষ্টকালের জন্য যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেন। এ ছাড়া বিকেল চারটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়িতে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখা হয়। এতে শত শত গাড়ি আটকা পড়ে। পরে অবরোধ প্রত্যাহার করা হয়। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনসার আলী জানান, ময়নাতদন্তের পর নাসিরের লাশ তাঁর বাড়িতে নেওয়া হয়েছে। আগামীকাল (সোমবার) লাশ দাফনের পর বৈঠক করে কর্মসূচি নেওয়া হবে। তার আগে অভ্যন্তরীণ সব পথে শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম গতকাল বিকেলে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে।