বালুমহালে টাকা আনতে গিয়ে হামলায় ছাত্রলীগ নেতা নিহত
মুন্সিগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে গতকাল রোববার ভোরে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন শহর ছাত্রলীগের সহসভাপতি আল মামুন মণ্ডল (২৫)। আহত হয়েছেন একই সংগঠনের অপর এক নেতাসহ পাঁচজন। এ ঘটনায় পুলিশ গোলাপ হোসেন নামের একজনকে আটক করেছে।মামুন মুন্সিগঞ্জ লঞ্চঘাটের কাছে মোল্লারচরে অবস্থান করে চারটি বালুমহালের টাকা সংগ্রহ করতেন। এ বালুমহালের অন্যতম ইজারাদার ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, ‘আমাদের ছেলেরা বালু দিয়ে টাকা সংগ্রহের সময় নারায়ণগঞ্জের চান মিয়ার লোকজন তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে মামুনের মৃত্যু হয়।’ চান মিয়া এ অভিযোগ অস্বীকার করেন। তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, চান মিয়ার লোকজন এই হত্যাকাণ্ডে জড়িত বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। এদিকে ছাত্রলীগের নেতাকে হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সকাল ১০টার দিকে শহরে বাসসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। তাঁরা সকাল সাড়ে নয়টায় শহরে প্রথম দফায় ও দুপুর একটায় মামুনের লাশ নিয়ে দ্বিতীয় দফায় মিছিল করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ভোর সাড়ে চারটার দিকে মুন্সিগঞ্জ লঞ্চঘাটের কাছে মোল্লারচরে একটি ট্রলারে ছাত্রলীগের নেতা মামুনসহ ছয়জন অবস্থান করছিলেন। এ সময় তিনটি ট্রলারযোগে ৩০-৩৫ জন লোক রড ও ধারালো অস্ত্র নিয়ে এসে তাঁদের ঘিরে ফেলেন। তাঁরা মামুন ও তাঁর সঙ্গীদের রড দিয়ে পেটাতে শুরু করেন। পিটুনির পর তাঁরা মামুনকে নদীতে ফেলে দিয়ে চলে যান। পরে আহত সঙ্গীরা মামুনকে উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জের একটি ক্লিনিকে ও পরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। নিহত মামুনের বাড়ি শহরের দেওভোগ এলাকায়। তাঁর বাবার নাম শামসুল হক মণ্ডল। তাঁরা দুই ভাই এক বোন। মামুন ছিলেন পরিবারের বড় ছেলে। আহত ব্যক্তিরা হলেন শহর ছাত্রলীগের অপর সহসভাপতি সুমন মিয়া (২৬) এবং বালুমহালের কর্মী আওলাদ (৪০), খসরু (৪০), ইসমাইল (৩৫) ও কালাম (৪০)। এঁদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ছাত্রলীগের বিক্ষোভ, ভাঙচুর: প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মামুনের হত্যার খবরে শহরে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা সকাল সাড়ে নয়টার দিকে শহরে একটি মিছিল বের করেন। সকাল ১০টার দিকে মাছ বাজারসংলগ্ন সড়কে দুটি বাস ও একটি টেম্পো ভাঙচুর করেন ক্ষুব্ধ নেতা-কর্মীরা। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে মামুনের লাশের ময়নাতদন্ত শেষ হলে দুপুর একটার দিকে তাঁর মরদেহ নিয়ে শহরে মিছিল করেন ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীরা। মিছিল শেষে প্রতিবাদ সভায় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়। পরে মামুনের লাশ তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হলে মা-বাবা, ভাই-বোন ও আত্মীয়রা কান্নায় ভেঙে পড়েন। মামুনের বাবা শামসুল হক প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে বালুমহালে চাকরি করে। প্রতিদিনের মতো আজও (রোববার) দায়িত্ব পালন করতে গিয়েছিল। আজ লাশ হয়ে ফিরল। আমি এর বিচার চাই।’ আহত সুমন মিয়া অভিযোগ করেন, ‘নারায়ণগঞ্জের মদনগঞ্জের চান মিয়ার সন্ত্রাসীরা মোল্লারচরে আমাদের ওপর হামলা করে। পেটানোর পর তারা আমাদের কাছ থেকে প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নেয়।’ সুমন জানান, তাঁরা ছয়জনই টাকার বিনিময়ে এই বালুমহালে কাজ করতেন। মাস শেষে তাঁদের টাকা দেওয়া হতো।মুন্সিগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, মামুন সংগঠনের একজন সক্রিয় সহসভাপতি ছিলেন। মুন্সিগঞ্জের বালুমহাল ইজারাদারদের অন্যতম ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, ‘চান মিয়া মদনগঞ্জে বালুমহালের ইজারা নিলেও তিনি বালু উত্তোলন করতে মুন্সিগঞ্জে চলে আসেন। আমরা এ বিষয়টি জেলা প্রশাসককে একাধিকবার জানিয়েছি। তার পরও তাঁরা মুন্সিগঞ্জে ঢুকে বালু কেটে চলেছেন।’মদনগঞ্জ বালুমহালের ইজারাদার চান মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমার লোকজন হামলা করেছে বলে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি আমার মৌজায় বালু কাটি। মুন্সিগঞ্জে যাই না।’ তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ‘মদনগঞ্জ মহালটি ইজারা নেওয়ার পর থেকেই মুন্সিগঞ্জের ইজারাদারদের লোকজন আমাদের পেছনে লেগে আছে।’ সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, মদনগঞ্জের বালুমহালের কাছ থেকে একজনকে আটক করা হয়েছে। তবে ওই ঘটনায় গতকাল রাত আটটা পর্যন্ত কোনো মামলা হয়নি।জেলা প্রশাসক মো. আজিজুল আলম বলেন, চান মিয়ার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।লাশ দাফন: গতকাল বাদ আসর মুন্সিগঞ্জ ঈদগাহ মাঠে জানাজা শেষে মামুনের লাশ দেওভোগ কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজার আগে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ফয়সাল অভিযোগ করেন, পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন না করায় এ ঘটনা ঘটেছে। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসানুল ইসলাম ছাত্রলীগের নেতা মামুনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের আশ্বাস দিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করেছে উল্লেখ করে পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, পুলিশ সব সময় বালুমহালে থাকতে পারে না। হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্বে সঙ্গে নিয়ে এগোনো হচ্ছে।