বাল্ব, সুইচ লেগেছে ছয় বছর আগে সংযোগ লাগেনি আজও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর আগে ঘরবাড়িতে বৈদ্যুতিক তার, বাতি, সুইচ লাগানো হয়েছে। কিন্তু আজও বিদ্যুতের সংযোগ পাওয়া যায়নি বলে জানালেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আটিদাশড়া কাজীপাড়া গ্রামের মৎস্যচাষি সাহারুল ইসলাম। ছয় বছর আগে ওই গ্রামে বৈদ্যুতিক খুঁটি, বাড়িঘরের ওয়্যারিং বাল্ব, সুইচ, ফ্যান, মিটার বোর্ড স্থাপন করেও সংযোগ না পাওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসী। তাঁরা অভিযোগ করেন, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির গাফলতিতে এই দুর্ভোগ আরও বেড়েছে।সরেজমিনে দেখা গেছে, ওই গ্রামের প্রায় ৩০০ পরিবার বৈদ্যুতিক সুবিধা পাচ্ছে ২০০৪ সাল থেকে। কিন্তু ৫২টি পরিবার সেই সুবিধা থেকে বঞ্চিত। কারণ হিসেবে জানা গেছে, ২০০৪ সালের জানুয়ারি মাসে ওই গ্রামে বিদ্যুৎ সরবরাহের সময় একটি বৈদ্যুতিক পোল নিয়ে দ্বন্দ্ব মামলা পর্যন্ত গড়ায়। সেই সময় জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি এ সমস্যার সমাধান না করায় গ্রামবাসী আজও বিদ্যুৎহীন। এক বছর আগে মামলাটির নিষ্পত্তি হয়েছে। যে পোল নিয়ে দ্বন্দ্ব সেটা সরিয়েও অন্যত্র নেওয়া হয়েছে। কিন্তু সরকারি নীতি অনুযায়ী নতুন সংযোগ আর দেওয়া হয়নি। গ্রামের ফজলুর সরদার, খালেদুন মাহমুদ, আবদুর রাজ্জাক বলেন, ২০০৫ সালে বিদ্যুতের পোল বসানোর কাজ শুরু হলেও ওই সময় মিশির উদ্দিন ও হয়বর আলীর মধ্যে পোল বসানোর স্থান নিয়ে দ্বন্দ্ব লাগে। প্রায় পাঁচ বছর মামলা চলার পর এক বছর আগে উভয়ের জায়গার সীমানায় পোল নির্মাণ করা হয়েছে । কিন্তু বিদ্যুৎসংযোগ পাননি তাঁরা। গৃহবধূ রুবিনা বেগম বলেন, ‘এটি একটি শহর হলে এ অবস্থায় থাকত না। আমরা গ্রামের মানুষ তাই আমাদের কথা কেউ বলে না। শুধু ভোটের সময় আমাদের দরকার পড়ে।’জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির তৎকালীন দায়িত্বে থাকা ক্ষেতলাল এলাকা পরিচালক আবদুস সবুর চৌধুরী বলেন, ‘তখন ভিলেজ পলিটিক্সের কারণে কাজটি করা সম্ভব হয়নি। কিন্তু আমার জানামতে অল্পদিনের মধ্যে গ্রামের ওই অংশটুকু বিদ্যুতায়িত হবে।’জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির এজিএমএসের সমন্বয়ক সফিকুল ইসলাম বলেন, মামলা-মোকদ্দমাসহ বিভিন্ন কারণে ওই গ্রামে বিদ্যুৎসংযোগ দেওয়া হয়নি। যত তাড়াতাড়ি পারা যায় ওই গ্রামে বিদ্যুৎসংযোগ দেওয়া হবে।