বাল্য বিয়ে দেওয়ায় শিক্ষকের কারাদণ্ড
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সামাজিকভাবে বাল্যবিয়েতে সহযোগিতার দায়ে মো. সাইদুর রহমান (৬৫) নামের একজন শিক্ষককে এক মাসের বিনা শ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল আখতার এ রায় দেন। সাইদুর রহমান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নের চর সাদীপুর গ্রামে ১১ বছর বয়সের এক মেয়ের বাল্যবিবাহের খবর পেয়ে গতকাল দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়। সেখানে বেলা দেড়টা পর্যন্ত পুলিশ অবস্থান করে। তারা চলে যাওয়ার পর সাইদুর বিয়ে বাড়িতে যান। ওই শিক্ষক সামাজিকভাবে বর ও কনের বিয়ে দেন। উপজেলা প্রশাসন এ খবর জানতে পেরে সেখানে আবার পুলিশ পাঠায়। এ সময় সামাজিক বাল্যবিয়েতে সহযোগিতার করা ও প্রশাসনের আইন অমান্য করায় স্কুলশিক্ষককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইকবাল আকতার প্রথম আলো ডটকমকে বলেন, ওই শিক্ষক নিজে উদ্বুদ্ধ হয়ে প্রশাসনের আইন অমান্য করে সামাজিকভাবে এই বাল্যবিয়ে দিয়েছেন। বিয়ের কোনো নিবন্ধন হয়নি। আইনমতে এ বিয়ের কোনো বৈধতা নেই। বিয়েতে উপস্থিত সাক্ষীদের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে শিক্ষক অভিযোগ স্বীকার করায় তাঁকে এক মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুত্ফর রহমান বলেন, গতকাল রাত আটটার দিকে ওই শিক্ষককে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়।