বাল্যবিবাহ ঠেকাতে কলেজে বিবাহিত ছাত্রীকে ‘না’
‘কুমিল্লা কমার্স কলেজের ২০০৬-০৭ শিক্ষা বর্ষের একজন মেধাবী ছাত্রীকে তার মা জোরপূর্বক বিয়ে দিয়ে দেন। ওই বিয়ে ঠেকাতে মেয়েটি সংবাদ সম্মেলনও করে। কিন্তু কোনোভাবেই সেটি থামানো যায়নি। ফলে মেয়েটির আর পরীক্ষা দেওয়া হলো না। এখন মেয়েটি এক সন্তানের জননী। এ অবস্থায় কলেজের একজন শিক্ষার্থী কমে যাওয়ায় পাসের হার ও শীর্ষ স্থান থেকে আমরা বঞ্চিত হই। এ বছরও দুটি মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় আমরা বিপাকে পড়ি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য কলেজ পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেয়, বিবাহিত শিক্ষার্থীদের এ কলেজে ভর্তি করানো হবে না। একই সঙ্গে ভর্তির পর কোনো ছাত্রীর বিয়ে হয়ে গেলে তার ছাত্রত্ব বাতিল করা হবে।’ কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবীর মাসউদ তাঁর প্রতিষ্ঠানের ওই নিয়মের কথা প্রথম আলোকে জানান। তিনি বলেন, ২০০৫ সালে কুমিল্লা কমার্স কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর ২০০৮ ও ২০০৯ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডে যথাক্রমে ষষ্ঠ ও চতুর্থ স্থান অর্জন করে। বর্তমানে রেজিস্ট্রেশনভুক্ত শিক্ষার্থীরা এইচএসসির ফরম পূরণ না করলে শীর্ষ স্থান পাওয়া থেকে কলেজটি বঞ্চিত হতে পারে। তাই কোনো শিক্ষার্থী যেন ঝরে না যায়, সে জন্যই ওই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি কলেজ পরিচালনা পর্ষদের এক সভা হয়। ওই সভায় পরিচালনা পর্ষদের সদস্যরা সিদ্ধান্ত নেন, কোনো অবস্থায়ই বিবাহিতদের ভর্তি করানো যাবে না। একই সঙ্গে ভর্তির পর বিয়ে হলে ছাত্রত্ব বাতিল করা হবে। পরিচালনা পর্ষদের ওই সিদ্ধান্তকে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা সাধুবাদ জানান। অধ্যক্ষ হুমায়ুন কবীর মাসউদ আরও বলেন, আগে এই কলেজে ধূমপায়ীদের ভর্তির ক্ষেত্রে অযোগ্য বলে শর্ত জুড়ে দেওয়া হতো। এবার কলেজ প্রসপেক্টাসে বাল্যবিবাহের কথাও উল্লেখ করা হয়েছে। গণসচেতনতা বাড়ানো এবং রাষ্ট্রীয় আইনকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে ওই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে কুমিল্লা কমার্স কলেজের ওই উদ্যোগকে স্বাগত জানিয়ে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও একই ধরনের উদ্যোগ নিয়েছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আলহাজ মুহাম্মদ আবু তাহের কলেজও বাল্যবিবাহ প্রতিরোধে একই সিদ্ধান্ত নেয়। কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম বলেন, ‘উচ্চমাধ্যমিকে পড়া অবস্থায় কোনো মেয়েরই বিয়ের বয়স হয় না। কিন্তু নানা প্রেক্ষাপটে আমাদের দেশে বাল্যবিবাহ হয়ে আসছে। আমরা এর বিরুদ্ধে অবস্থান নিয়ে ওই উদ্যোগ নিয়েছি।’তা ছাড়া কুমিল্লার বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজেও এ ধরনের সিদ্ধান্ত রয়েছে। জানতে চাইলে কুমিল্লার বিশিষ্ট নারীনেত্রী ও এসিড-সন্ত্রাস নির্মূল কমিটির সভাপতি দিলনাশি মোহসেন বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত মেয়েদের আরও বেশি সচেতন করবে। অভিভাবকেরাও ভয় পাবেন। এমন সিদ্ধান্তের কারণে মেয়েরা স্বাবলম্বী হতে পারবে। উচ্চমাধ্যমিক পাস করার পর উচ্চশিক্ষা ছাড়াও গ্রামাঞ্চলের মেয়েরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য পেশায় যেতে পারবে।’কুমিল্লার বিশিষ্ট শিক্ষাবিদ ও কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুণ্ডু গোপীদাস বলেন, ‘কলেজগুলোর ভিন্ন ভিন্ন সিদ্ধান্তগুলো আমরা মন্ত্রণালয়কে অবহিত করব। সরকারও এ উদ্যোগকে সানন্দে গ্রহণ করবে বলে আমার বিশ্বাস। এতে ঝরে পড়ার হারও কমবে। আমরা এ বিষয় নিয়ে করণীয় কী, তা ঠিক করব।’