বাল্যবিবাহ ঠেকাতে মায়েদের বোঝাচ্ছে মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিবৃহস্পতিবার বিকেলে আর শুক্রবার সকালে সপ্তাহে দুই দিন গ্রামগঞ্জের নিরক্ষর অভিভাবক মায়েদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠক করে কিশোরীরা। তারা বাল্যবিবাহ না দেওয়ার জন্য অভিভাবকদের বিভিন্ন কৌশলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে। বাল্যবিবাহের পর ওই মেয়ে সন্তান নিলে সে অপুষ্টিজনিত রোগে ভুগবে। আর সেই সন্তানটি মেধাবী হবে না। ফলে বাল্যবিবাহ না দেওয়ার জন্য মায়েদের নানাভাবে পরামর্শ দেয় কিশোরীরা। এ ছাড়া উঠান বৈঠকে পরিবার পরিকল্পনা, মাতৃত্ব স্বাস্থ্যসেবা নিয়ে বিভিন্ন ধরনের ধারণাও দেওয়া হয়।বাল্যবিবাহ বন্ধে কিশোরীদের ঐক্যবাল্যবিবাহ বন্ধে স্কুল ও কলেজপড়ুয়া কিশোরীদের নানাভাবে সচেতন করতে কক্সবাজারের মহেশখালী উপজেলায় ২০০৯ সাল থেকে স্কুল ও কলেজে গিয়ে বেসরকারি সংস্থা ফ্রেব সমাবেশ করছে। বাল্যবিবাহ, মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা নিয়ে ফ্রেব কিশোরীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে। স্কুল ও কলেজে গিয়ে সচেতনতা সৃষ্টি করায় বাল্যবিবাহ বন্ধে এগিয়ে এসেছে এসব প্রতিষ্ঠানের কিশোরীরা। মহেশখালী ডিগ্রি কলেজ, মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বড় মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়, মহেশখালী বঙ্গবন্ধু মহিলা কলেজ, পুটিবিলা ফাজিল মাদ্রাসা ও ছোট মহেশখালী আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার কিশোরীরা উপজেলার বড় মহেশখালী ও ছোট মহেশখালী ইউনিয়নের ৩২টি গ্রামে মাতৃত্ব স্বাস্থ্যসেবা, বাল্যবিবাহ বন্ধ ও ইভ টিজিং প্রতিরোধে প্রজনন স্বাস্থ্যকেন্দ্র নামের একটি সংগঠন গঠিত হয়েছে।আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় চার লাখ মানুষ নিয়ে মহেশখালী উপজেলা গঠিত। এই দ্বীপের লোকজন শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে। শিক্ষার হার ২৫ শতাংশ। এলাকার বেশির ভাগ মানুষ সাগরে মাছ ধরে এবং লবণ ও পান চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে। শিক্ষার অভাবে তেমন সচেতন না হওয়ায় গ্রামগঞ্জে অহরহ বাল্যবিবাহ হচ্ছে। কিন্তু বাল্যবিবাহ ঠেকাতে প্রকাশ্যে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে এলাকার লোকজন কেউ এগিয়ে আসেনি। ফলে নীরবে বাল্যবিবাহের ঘটনা ঘটে যাচ্ছে। বাল্যবিবাহ বন্ধে এবার এগিয়ে এল, স্কুল ও কলেজপড়ুয়া কিশোরীরা। চলতি বছরের জানুয়ারি থেকে ৩২টি গ্রামে বাল্যবিবাহ বন্ধের জন্য প্রজনন স্বাস্থ্যকেন্দ্র কাজ করছে। তাদের প্রশিক্ষণ দিচ্ছে ফ্রেব।যে গ্রামে কিশোরীদের সমাবেশউঠান বৈঠক করার পাশাপাশি কিশোরীরা ৩২টি গ্রামে বাল্যবিবাহ বন্ধে মা সমাবেশ করছে। প্রতিটি গ্রামে কিশোরীরা প্রজনন স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে মাঠে কাজ করছে। গ্রামগুলো হলো উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের শুকরিয়া পাড়া, বড় ডেইল, ফকিরাকাটা, মগরিয়াকাটা, আমতলী, পাহাড়তলী, মাঝের ডেইল, মুন্সির ডেইল, মাহারাপাড়া, মৌলানা আনছুর আলীপাড়া, দেবেঙ্গাপাড়া, হিন্দুপাড়া, নিজ তালুকপাড়া, বড় কুলাল পাড়া, ছোট কুলাল পাড়া, সাতঘরিয়াপাড়া, পূর্ব জাগিরাঘোনা, পূর্ব ফকিরাঘোনা, পশ্চিম ফকিরাঘোনা, ছোট মহেশখালী ইউনিয়নের পশ্চিম ও উত্তর সিপাহির পাড়া, মধ্যম ও পূর্ব সিপাহির পাড়া, কালালিয়াকাটা, দক্ষিণ নলবিলা, উম্বনিয়াপাড়া, উত্তর কূল, দক্ষিণ কূল, লম্বাঘোনা, মাইজপাড়া আদর্শ গ্রাম, মুদিরছড়া আহমদিয়াকাটা, তেলিপাড়া ও ঠাকুরতলা।বাল্যবিবাহ বন্ধউপজেলার ছোট মহেশখালী ও বড় মহেশখালী ইউনিয়নের তিনটি বাল্যবিবাহ বন্ধ করে দেয় কিশোরীরা। উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা গ্রামে অষ্টম শ্রেণীর ছাত্রীকে বিয়ে দেওয়ার খবর শুনে এগিয়ে যায় কিশোরীরা। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেনকে খবর দিলে তাৎক্ষণিক তিনি ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহটি বন্ধ করে দেন। একইভাবে উপজেলার কুতুবজোম ইউনিয়নের বটতলী গ্রামের কুতুবজোম আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীকে বিয়ে দেওয়ার আয়োজন করলে কিশোরী ক্লাবের সদস্য ও ইউএনও গিয়ে ওই বাল্যবিবাহটি বন্ধ করে দেন। এ ছাড়া উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড় কুলালপাড়ার ১৩ বছরের এক মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করলে কিশোরীরা গিয়ে তা বন্ধ করে দেয়। কিশোরীরা বাল্যবিবাহ বন্ধ নিয়ে কাজ করায় প্রকাশ্যে এলাকায় বাল্যবিবাহ তেমন আগের মতো হচ্ছে না। ফলে তারা এলাকার লোকজন ও মায়েদের বাল্যবিবাহ নিয়ে সচেতনতা সৃষ্টি করায় বাল্যবিবাহের ঘটনা আগের চেয়ে কমে যাচ্ছে।কিশোরীদের প্রশিক্ষণসপ্তাহে দুই দিন বাল্যবিবাহ, ইভ টিজিং ও মাতৃত্ব স্বাস্থ্য নিয়ে কিশোরীদের প্রজনন স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন ফ্রেবের কর্মীরা। প্রতিটি ক্লাবে ২০ জন করে মোট ৩২টি কিশোরী ক্লাবের ৬৪০ জন সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়। কিশোরীরা প্রশিক্ষণ নেওয়ার পর তারা এসব নিয়ে মাঠপর্যায়ে মেয়েদের মায়েদের বোঝানোর চেষ্টা করে।ফ্রেবের নির্বাহী পরিচালক ফরিদুল আলম বলেন, মাতৃ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে সমাজ থেকে বাল্যবিবাহ ও ইভ টিজিং বন্ধ করতে হবে। এ জন্য অভিভাবকদের এ বিষয়ে আরও সচেতন হতে হবে।কিশোরীদের বক্তব্যকিশোরী দলের সদস্য ছোট মহেশখালী আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী রোজিনা আক্তার ও শাহাদা বেগম প্রথম আলোকে জানায়, গ্রামগঞ্জের অভিভাবকেরা অশিক্ষিত হওয়ায় অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বাল্যবিবাহ দিলে তাদের কী ক্ষতি হয়, তা তাঁরা জানেন না। তাই অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারলে সমাজ থেকে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব। অপর এক সদস্য পুটিবিলা ফাজিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী ইয়াছমিন আক্তার বলে, বাল্যবিবাহ প্রতিরোধে মায়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে সপ্তাহে দুই দিন গ্রামগঞ্জে অভিভাবকদের নিয়ে উঠান বৈঠক করা হচ্ছে। কিশোরীরা গ্রামগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে কাজ করায় আগের মতো বাল্যবিবাহ হচ্ছে না। ফলে বাল্যবিবাহ অনেক কমে গেছে।বড় মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছালেহা আক্তার জানায়, বাল্যবিবাহ বন্ধ করার জন্য গ্রামপর্যায়ে অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে উঠান বৈঠকের পাশাপাশি মা সমাবেশ করা হচ্ছে। এ প্রসঙ্গে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, ইতিমধ্যে পুলিশ দুটি বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে এবং বাল্যবিবাহ ও ইভ টিজিং প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে একটি মোবাইল টিম গঠন করা হয়েছে।এ প্রসঙ্গে এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, বাল্যবিবাহ ও ইভ টিজিং প্রতিরোধে স্কুল, মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সমাবেশ করা হচ্ছে।