বাল্যবিবাহ, নির্যাতন রোধ এবং আর্থিক স্বনির্ভরতা অর্জন করে তাঁরা এখন সমাজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টারত। তাঁদের বিভিন্ন কাহিনি নিয়েই সাজানো হয়েছিল পুরো দিনটি। পাশাপাশি তাঁদের কর্মকাণ্ডের প্রশংসায় পঞ্চমুখ ছিল সবাই। সিএমইএস ও মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে ২৩ মার্চ ছায়ানটে অনুষ্ঠিত হয় কিশোরী ক্ষমতায়নের ওপর এ সেমিনার। বাল্যবিবাহ, নির্যাতন রোধ এবং আর্থিক স্বনির্ভরতা অর্জন—এই তিনটি পর্বে বিভক্ত সেমিনারটি।সিএমইএসের চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম পুরো সেমিনারের উদ্দেশ্য ও আঙ্গিক ব্যাখ্যা করে উদ্বোধনী বক্তব্য দেন। তিনি কিশোরীদের সুপ্ত সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে দেশের পল্লি অঞ্চলে সিএমইএস কীভাবে কর্মসূচি পরিচালনা করছে, তার নানা দিক ব্যাখ্যা করেন। মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম তুলে ধরেন বাল্যবিবাহ এবং বিভিন্ন নির্যাতনের পেছনের মানসিকতা ও সামাজিক পরিস্থিতি। সেমিনারে বিভিন্ন বাস্তব উদাহরণ ভিডিওচিত্রের মাধ্যমে উপস্থাপিত হয়। সিএমইএসের কিশোরী ক্ষমতায়ন কর্মসূচিতে যাঁরা অবদান রেখেছেন নানা অঞ্চল থেকে আসা কিশোরী সদস্য এবং স্থানীয় সমর্থক গোষ্ঠীর সদস্যরাও তাঁদের অভিজ্ঞতার ভিত্তিতে কিছু বাস্তবতা তুলে ধরেন। বাল্যবিবাহসংক্রান্ত অধিবেশনে আলোচক ছিলেন এনফ্যান্ট দ্য মন্ডের কান্ট্রি কো-অর্ডিনেটর জেবুন্নেসা লিলি ও মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রকল্প পরিচালক নমিতা হালদার। নির্যাতন প্রতিরোধবিষয়ক অধিবেশনে আলোচক ছিলেন ইউনিসেফের শায়লা পারভীন ও মানুষের জন্য ফাউন্ডেশনের আবদুল্লা আল মামুন। নির্যাতনের ঘটনাগুলো খুঁজে প্রতিকার করা ছাড়াও নির্যাতনের মানসিকতাটিই যাতে সমাজ থেকে বিলুপ্ত করা যায়, সে আলোচনাগুলো তুলে ধরা হয়। সিএমইএসের প্রচেষ্টায় কাজের মাধ্যমে আর্থিক স্বনির্ভরতা অর্জনের কথা জানানো হয় সেমিনারের শেষ অধিবেশনটিতে। আলোচক ছিলেন পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক পারভীন মাহমুদ ও নর্দার্ন ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক মাহমুদুল আলম। প্রতিটি অধিবেশনের শুরুতে দেশের নানা অঞ্চল থেকে আসা। সিএমইএস কিশোর-কিশোরী চারণদল গান পরিবেশন করে।