বাল্যবিবাহনিরোধ আইনে ‘শিশু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশে বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে শিশুর বিয়ে নিষিদ্ধ করা হয়েছে। The majority Act অনুসারে ১৮ বছরের নিচে যেকোনো ব্যক্তি নাবালিকা বা নাবালক এবং তিনি ভোটাধিকার প্রাপ্ত হন না এবং কোনো দেওয়ানি চুক্তি করতে পারেন না। মুসলিম বিয়ে একটি দেওয়ানি চুক্তি, কাজেই একজন নাবালক বা নাবালিকা নিজে নিজে কোনো বিয়ের চুক্তি করতে পারে না। ১৯৭৪ সালের শিশু আইন অনুসারে ১৬ বছরের নিচে যেকোনো ব্যক্তিই শিশু। বাল্যবিবাহ নিরোধ আইন ১৯২৯-এর ২(১) অনুসারে শিশু বলতে পুরুষের ক্ষেত্রে ১৮ বছরের নিচে কোনো পুরুষ এবং স্ত্রীলোকের ক্ষেত্রে ১৪ বছরের নিচে কোনো স্ত্রীলোক বোঝানো হয়েছিল। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১-এর মাধ্যমে স্ত্রীলোকের বয়স বৃদ্ধি করে ১৬ বছর করা হয়েছিল। পরবর্তী সময়ে ১৯৮৪ সালের সংশোধন অনুসারে বিয়ের বর-কনের বয়সেও পরিবর্তন ঘটিয়ে বরের ক্ষেত্রে ২১ বছর এবং কনের ক্ষেত্রে ১৮ বছরের নিচে বিয়ে নিষিদ্ধ করা হয়েছে। যদিও নারী ও শিশু আইন এবং অন্যান্য আইনে, এমনকি আন্তর্জাতিক আইনে ১৬ থেকে ১৮ বছর, এমনকি ২১ বছর বয়সী ব্যক্তিকে শিশু হিসেবে গণ্য করা না হলেও ১৯৮৪ সালের সংশোধনে ২১ বছরের কম বয়সী পুরুষ এবং ১৮ বছরের কম বয়সী নারীকে বৈবাহিক ব্যাপারে শিশু ও নাবালক বা নাবালিকা বলে গণ্য করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশে এমনকি আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের সনদে ১৬ বছরের নিচে ব্যক্তিকে শিশু হিসেবে গণ্য করা হয়েছে। ১৬ বছরের ঊর্ধ্বে কোনো ছেলে-মেয়ে শিশু হিসেবে গণ্য না হলেও মেয়েদের ক্ষেত্রে ১৮ বছরের নিচে এবং ছেলেদের ক্ষেত্রে ২১ বছরের নিচে কারও বিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন দ্বারা বারিত করা হয়েছে অর্থাৎ তাঁরা নিজেরা যদি বিবাহবন্ধনে আবদ্ধ হন অথবা তাঁদের অভিভাবক কর্তৃক বিবাহ সম্পন্ন করা হয়, তাহলে এই আইনের ৪, ৫ ও ৬ ধারা অনুসারে যেসব ব্যক্তি ১৮ ও ২১ বছরের নিচের ছেলে-মেয়ের বিয়ে সম্পন্ন করেছেন তাঁরা শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে গণ্য হবে এবং তাঁদের এক মাসের জেল অথবা এক হাজার টাকা জরিমানা বা উভয়বিধ শাস্তি হতে পারে। কোনো ক্ষেত্রে যদি বরের বয়স ২১ বছরের অধিক হয় এবং তিনি ১৮ বছরের কম বয়স্ক কোনো মেয়েকে বিয়ে করেন, সে ক্ষেত্রে তিনিও ওই দণ্ডে দণ্ডিত হতে পারেন। পুরুষের ক্ষেত্রে ২১-এর নিচে এবং স্ত্রীলোকের ক্ষেত্রে ১৮ বছরের নিচে কোনো লোক নিজে নিজে বিয়ে করে ফেললে, সে ক্ষেত্রে তাদের মা-বাবা বা অভিভাবক (৬ ধারার শর্তানুসারে) ওই শাস্তির আওতায় আসতে পারে। তবে এ ক্ষেত্রে কোনো মা বা মহিলা অভিভাবককে ওই শাস্তির আওতায় আনা যাবে না। অনেক ক্ষেত্রে নাবালিকার পীড়াপীড়িতে, এমনকি আত্মহত্যার হুমকিতে ২১ বছরের বেশি বা কম বয়সের ছেলে বিয়ে করতে বাধ্য হয়। ১৮ বছর বয়স প্রাপ্ত যেকোনো লোক দেওয়ানি চুক্তিতে আবদ্ধ হতে পারলে এবং তাঁর ভোটাধিকার থাকা সত্ত্বে বাল্যবিবাহ নিরোধ আইনের সংজ্ঞায় তিনি একজন শিশু এবং বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন না। । লেখক  বিচারক (জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কুষ্টিয়া।