বাল্যবিবাহের শিকার রুবিনার গল্প
স্বামী-সংসার কী, তা বুঝে না উঠতেই রুবিনাকে মাত্র ১০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল। কিন্তু স্বামীর অমানুষিক নির্যাতনে বিয়ের ছয় মাস পার না হতেই রুবিনা পালিয়ে আসতে বাধ্য হয় বাপের ভিটায়। কিছু দিন যেতে না যেতেই এখানেও সৎ মা এবং বাবার নির্যাতন শুরু হয় রুবিনার ওপর। ফলে বাবার বাড়ি থেকেও পালিয়ে এসে রুবিনা এখন তার ছোট মামার আশ্রয়ে রয়েছে। রুবিনা যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা পূর্বপাড়া সিরাজ গোলাদারের মেয়ে। রুবিনা তার ছোট মামা হাসান আলীকে সঙ্গে নিয়ে ২০ জুলাই স্থানীয় একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে এসেছিল আইনগত সহায়তা নিতে। সে কাঁদতে কাঁদতে একে একে তার দুর্বিষহ জীবনের করুণ কাহিনী বর্ণনা করে।রুবিনা জানায়, জন্মের তিন মাস পর মাকে তার বাবা তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেন। তারপর থেকে রুবিনা তার মায়ের সঙ্গে উপজেলার চালুয়াহাটি গ্রামে নানা দীন আলীর বাড়িতে চলে আসে। নানাবাড়িতে সে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে। এর পর তার বাবা সিরাজ গোলদার রুবিনাকে নিজের বাড়িতে নিয়ে স্থানীয় ঝাঁপা দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করান। কিন্তু কিছু দিন যেতে না যেতেই রুবিনার ওপর তার বাবা ও সৎ মায়ের অত্যাচার শুরু হয়। ফলে একপর্যায়ে তার বাবা এবং সৎ মা যোগসাজশে রুবিনাকে ২০০৯ সালের ডিসেম্বর মাসে সাতক্ষীরার তালা উপজেলার ন’কাটী গ্রামের কুতুব উদ্দীনের ছেলে ফারুক হোসেনের (৩৫) সঙ্গে জোরপূর্বক বিয়ে দেন। তার স্বামী আরও তিনটি মেয়েকে বিয়ে করে তাদের জীবন নষ্ট করেছেন। এত কিছু জানার পরও সে মানিয়ে চলতে চেয়েছিল। কিন্তু ছোটখাটো ভুলত্রুটির অজুহাতে প্রতিনিয়ত তার ওপর নির্যাতন চালাতে থাকে। সর্বশেষ গত ২৩ জুন স্বামী ফারুক তাকে মারপিটে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে সে পালিয়ে বাবার বাড়িতে যায়। কিন্তু এখানেও সৎ মা এবং বাবার নির্যাতনের শিকার হয় সে। রুবিনা এখন তার মামা হাসান আলীর আশ্রয়ে রয়েছে।মামা হাসান আলী বলেন, ‘রুবিনার প্রবল ইচ্ছা আবারও সে লেখাপড়া করবে।’এ ব্যাপারে রুবিনার বাবা সিরাজ গোলদার বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতেই পারে। তাই বলে পালিয়ে আসতে হবে? শুধু আমার মেয়ে নয়, এলাকায় এ বয়সের অনেক মেয়ের বিয়ে হচ্ছে।’রুবিনার সৎ মা রোজিনা খাতুন বলেন, ‘আমি তাকে নিজের মেয়ের মতো দেখি।’এ ব্যাপারে রুবিনার স্বামী ফারুক হোসেন ও শ্বশুর কুতুব উদ্দীনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি। তবে তার দেবর জাকির হোসেন মুঠোফোনে বলেন, ‘জেনেশুনে একটি মেয়ের জীবন তার বাবা-মা কীভাবে নষ্ট করেন, আমি বুঝি না। আমাদের পরিবারের সঙ্গে ভাইয়ের কোনো সম্পর্ক নেই।’মনিরামপুরের ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এটা খুবই অমানবিক। আমি মেয়েটাকে সহায়তা করার চেষ্টা করছি।’