বাশারের ভাষণের নিন্দা জানাল যুক্তরাষ্ট্র ও ফ্রান্স
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দেওয়া ভাষণের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। গতকাল মঙ্গলবার দামেস্ক বিশ্ববিদ্যালয়ে দেওয়া ওই ভাষণে সিরিয়ায় চলমান সহিংসতার জন্য ‘বিদেশি ষড়যন্ত্র’ রয়েছে বলে অভিযোগ করেন বাশার।মার্কিন পররাষ্ট্র দপ্তর সিরিয়ার প্রেসিডেন্টের বক্তব্যের নিন্দা জানিয়ে বলেছে, বাশার আল-আসাদ পরিস্থিতির জন্য দায়ভার অন্যদের ওপর চাপিয়ে নিজে দায় এড়াতে চাইছেন।পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড গতকাল বলেন, বাশারের ভাষণের বিষয়ে ওয়াশিংটনের মন্তব্য হলো এখনই তাঁর পদত্যাগের সময়।ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালেন জুপে বলেন, সিরিয়ায় যেখানে দুই পক্ষের মধ্যে সহিংসতা ও সংঘর্ষ চলছে, সেখানে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ করা হচ্ছে বাস্তবতাকে অস্বীকার করা।রাষ্ট্রীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত ওই ভাষণে বাশার আল-আসাদ অভিযোগ করেন, আন্তর্জাতিক শক্তি সিরিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ভাষণে তিনি ‘সন্ত্রাসীদের’ কঠোরভাবে দমন করার অঙ্গীকার করেন। বিবিসি অনলাইন।