বাশারের মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড চেয়ে গতকাল শুক্রবার রাজপথে বিক্ষোভ করেছে আলেপ্পোর বাসিন্দারা। একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া আজ শনিবার এ খবর জানিয়েছে।ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, গতকাল আলেপ্পোর বিভিন্ন অংশে শত শত বিক্ষোভকারী বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে। এ ছাড়া সিরিয়ার অন্যান্য অংশেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।বিক্ষোভকারীরা স্লোগান দেয়, ‘জনগণ বাশারের মৃত্যুদণ্ড চায়। চায় স্বাধীনতা ও শান্তি’।বিক্ষোভে অংশ নেওয়া আবু আহমেদ নামের ২০ বছরের এক তরুণ বলেন, ‘একটি মাত্র লক্ষ্য নিয়েই আমরা রাজপথে নেমেছি, তা হলো—দেশের স্বাধীনতা।’ বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনীর গুলিতে হতাহতেরও ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এদিকে আলোচিত আলেপ্পো শহরে বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মি দাবি করেছে, আলেপ্পো শহরের ৫০ শতাংশ তাদের নিয়ন্ত্রণে আছে।সিরিয়ায় সহিংসতা বন্ধে ব্যর্থ হওয়ায় নিরাপত্তা পরিষদের নিন্দা জানিয়ে গতকাল শুক্রবার সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাবের সমালোচনা করেছে রাশিয়া। রাশিয়া বলেছে, এ প্রস্তাব সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার চেষ্টাকে ব্যাহত করবে।বাশার আল আসাদবিরোধীদের ওপর ভারী অস্ত্র ব্যবহার করারও নিন্দা জানানো হয় সাধারণ পরিষদের প্রস্তাবে। নিন্দা প্রস্তাবের পক্ষে ১৩৩ এবং বিপক্ষে ১২ ভোট পড়ে। ৩১টি সদস্যদেশ ভোটদানে বিরত ছিল। সিরিয়াসংক্রান্ত জাতিসংঘ ও আরব লিগের মধ্যস্থতাকারীর পদ থেকে গতকাল কফি আনান পদত্যাগের ঘোষণা দেওয়ার পর এই প্রস্তাব পাস হলো।