বাশারের সঙ্গে আজ দেখা করবেন কফি আনান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়া-বিষয়ক জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনান আজ শনিবার দামেস্কে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাত্ করবেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের উদ্ধৃতির বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে।বান কি মুন গতকাল শুক্রবার বলেন, জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত হিসেবে কফি আনান তাঁর প্রথম সফরে দামেস্কে ২৪ ঘণ্টা অবস্থান করবেন। মুন বলেন, ‘তিনি (কফি আনান) রোববার দামেস্ক থেকে ফিরবেন। সিরিয়ার বাইরে তিনি দেশটির বিরোধীদের সঙ্গে আলোচনা করবেন।’কফি আনানের মুখপাত্র আহমেদ ফাওজি জানান, তিনি সিরিয়াতে মানবাধিকার লঙ্ঘনসহ সব ধরনের সহিংসতা বন্ধের জন্য আসাদের প্রতি আহ্বান জানাবেন। একই সঙ্গে দেশটিতে গত এক বছর ধরে চলমান সহিংসতার শান্তিপূর্ণ সমাধানের উপায় নিয়েও তিনি আলোচনা করবেন।ওই মুখপাত্র জানান, কফি আনান পরের দিন (রোববার) অন্যান্য বিরোধী রাজনৈতিক দল, সুশীল সমাজ ও নারী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করবেন। আলোচনা থেকে ইতিবাচক সাড়া পেতে তিনি রোববার দামেস্কে রাত যাপন করবেন।জাতিসংঘের হিসেবে, সিরিয়ায় নিরাপত্তা বাহিনী গত এক বছরে সাড়ে সাত হাজারেরও বেশি বেসামরিক মানুষকে হত্যা করেছে।