বাস-অটোরিকশা সংঘর্ষ, চার শিশুসহ পাঁচজন নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে কমপক্ষে তিনজন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের মিয়াবাজার-সংলগ্ন চান্দশ্রী রাস্তার মাথায় গতকাল বুধবার বেলা পৌনে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেনী থেকে কুমিল্লাগামী যমুনা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের (ফেনী-জ-১১-০০৫৭) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার (কুমিল্লা-থ ১১-৭১৪৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় চৌদ্দগ্রামের মিয়াবাজারের টিন ব্যবসায়ী উপজেলার দাতামা গ্রামের আবু তাহেরের মেয়ে মায়মুনা (৬), ভাগ্নি পার্শ্ববর্তী সাহাপুর গ্রামের আবদুর রহিমের মেয়ে রানু (১২), অপর দুই ভাগ্নি সদর দক্ষিণ উপজেলার বেলতলী সানন্দা গ্রামের আবু হানিফের মেয়ে ফাহিমা (৭) ও ফারহানা (৫)। গুরুতর আহত অবস্থায় আবু তাহেরের মা ফুলমতি (৫৫), মেয়ে সুমি (৪), বোন সাহেদা (২০), ভাগ্নি তাসলিমা (১৪) ও অটোরিকশার চালক রুহুল আমিনকে (২৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ফুলমতি বেগম মারা যান। হতাহত ব্যক্তিরা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বেলতলী সানন্দা গ্রামে আবু হানিফের বাড়িতে বেড়ানো শেষে চৌদ্দগ্রামের দাতামা গ্রামে তাহেরের বাড়িতে ফিরছিলেন। চৌদ্দগ্রামের নোয়াবাজার হাইওয়ে পুশি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ জানান, বাসের চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। লাশগুলো হস্তান্তর করা হয়েছে পরিবারের সদস্যদের কাছে।