বাস ও অটোরিকশার ভাড়া বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেল ও সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) মূল্য বৃদ্ধির যথাক্রমে ১১ ও পাঁচ দিন পর সরকার বাস ও অটোরিকশার ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।গতকাল সোমবার যোগাযোগ মন্ত্রণালয়ে এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলেও নতুন ভাড়া কার্যকর হবে এ-সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারির পর। প্রজ্ঞাপন জারি হতে দুই দিন লাগতে পারে বলে বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হক খান।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বড় বাসের ভাড়া এক টাকা ৫৫ পয়সা এবং মিনিবাসের ভাড়া এক টাকা ৪৫ পয়সা করা হয়েছে। উভয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ৩৫ পয়সা বাড়ানো হয়েছে। এ ছাড়া সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা থেকে বাড়িয়ে সাত টাকা করা হয়েছে।তবে সর্বনিম্ন এই ভাড়া শুধু বড় বাসের ক্ষেত্রে নাকি মিনিবাসের জন্যও প্রযোজ্য হবে, বৈঠকে তা পরিষ্কার করা হয়নি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তৈরি করা সভার কার্যবিবরণীতে সর্বনিম্ন ভাড়া শুধু বড় বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে উল্লেখ ছিল। কিন্তু বৈঠকের শেষ পর্যায়ে নৌপরিবহনমন্ত্রী ও পরিবহন শ্রমিকনেতা শাজাহান খান তাঁর বক্তব্যে বলেন, সর্বনিম্ন ভাড়া বড় বাস ও মিনিবাস দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে।বৈঠক শেষে সভার সিদ্ধান্ত পড়ে শোনান মন্ত্রণালয়ের সচিব। কিন্তু তাতে সর্বনিম্ন ভাড়া সাত টাকা কোন ধরনের বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তা বলেননি।দূরপাল্লার বাসের ভাড়া: দূরপাল্লার গন্তব্যে চলাচলকারী বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে কিলোমিটারপ্রতি এক টাকা ১৫ পয়সা। এর সঙ্গে আনুপাতিক হারে যোগ হবে ফেরি বা সেতুর (যদি থাকে) টোলের টাকা। বর্তমানে দূরপাল্লার রুটে কিলোমিটারপ্রতি ভাড়া ৯৩ পয়সা। অটোরিকশার ভাড়া: ঢাকা ও চট্টগ্রামে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার ভাড়া কিলোমিটারপ্রতি ৫০ পয়সা বাড়িয়ে সাড়ে সাত টাকা নির্ধারণ করা হয়েছে। আর প্রতি মিনিট ওয়েটিংয়ের জন্য (যানজট, যাত্রাবিরতি ও সিগন্যাল) এক টাকা ২৫ পয়সা থেকে বাড়িয়ে এক টাকা ৩০ পয়সা করা হয়েছে। এ ছাড়া অটোরিকশার সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা বহাল হয়েছে। মালিকের দৈনিক জমাও ৬০০ টাকা বহাল থাকবে।কমিটির প্রস্তাব কাটছাঁট: জ্বালানির দাম বাড়ার পর গত রোববার যোগাযোগ মন্ত্রণালয় বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান খানকে সভাপতি করে ভাড়া পুনর্নির্ধারণের একটি কমিটি গঠন করে। কমিটিতে বাসমালিকদের প্রতিনিধিও ছিল। যাত্রীদের পক্ষে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি থাকলেও মালিকদের মতই বেশি প্রাধান্য পেয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়। অবশ্য গতকালের বৈঠকে যাত্রীদের কোনো প্রতিনিধি ছিল না। গতকাল বৈঠকের শুরুতেই ভাড়া পুনর্নির্ধারণ কমিটির সভাপতি আয়ুবুর রহমান খান ঢাকা ও চট্টগ্রামে চলাচলরত বড় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি এক টাকা ৫০ পয়সা এবং মিনিবাসের এক টাকা ৪০ পয়সা নির্ধারণের প্রস্তাব করেন। আর দূরপাল্লার গন্তব্যে কিলোমিটারপ্রতি ভাড়া প্রস্তাব করেন এক টাকা ১০ পয়সা। কিন্তু মালিকদের মতামত নেওয়ার পর এই প্রস্তাব বদলে যায়। তাঁদের চাপের মুখে সব ক্ষেত্রেই কমিটির প্রস্তাবিত ভাড়ার চেয়ে কিলোমিটারপ্রতি আরও পাঁচ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত দেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকালের বৈঠকে সভাপতিত্ব করেন যোগাযোগমন্ত্রী। বৈঠকে গণমাধ্যমের কর্মীরাও উপস্থিত ছিলেন।সর্বনিম্ন ভাড়া: এত দিন সর্বনিম্ন ভাড়া বড় বাসের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। মিনিবাসের জন্য এটা প্রযোজ্য ছিল না। কারণ, রাজধানীতে চলাচলকারী অধিকাংশ মিনিবাস স্বল্প দূরত্বের যাত্রী বহন করে। ‘লোকাল বাস’ বলে পরিচিত বাসগুলো যেখানে-সেখানে যাত্রী ওঠা-নামা করায়।উদাহরণস্বরূপ বলা যায়, ৩৬(বি) রুটের মিনিবাস মোহাম্মদপুর থেকে ছেড়ে শনির আখড়া যেতে আসাদগেট, ফার্মগেট, বাংলামোটর, শাহবাগসহ সব গন্তব্যেই থামিয়ে যাত্রী ওঠা-নামা করা হয়। এর জন্য সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করলে মোহাম্মদপুর থেকে আসাদগেট পর্যন্ত এক কিলোমিটারেরও কম দূরত্বের জন্য যাত্রীদের সাত টাকা গুনতে হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সর্বনিম্ন ভাড়া মিনিবাসের ক্ষেত্রে কার্যকর হলে একইভাবে ফার্মগেট থেকে কারওয়ান বাজারেরও সাত টাকা ভাড়া হবে বলে মন্তব্য করেছেন বিআরটিএ ও যোগাযোগ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে এসব কর্মকর্তার মতে, মিনিবাসের জন্য সর্বনিম্ন ভাড়া প্রযোজ্য করাটা ঠিক হবে না।মালিকের স্বার্থ: বিআরটিএর ভাড়া নির্ধারণের জন্য বাসের ব্যয় বিশ্লেষণ করে থাকে। এই ব্যয় বিশ্লেষণের পদ্ধতি অনুযায়ী, যানবাহনের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে বাসের ক্রয়মূল্য, দৈনন্দিন খরচ, নিবন্ধনসংক্রান্ত ফিসহ ২০টি বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে কতজন যাত্রী বহন করা হয়, তা ভাড়া নির্ধারণের ক্ষেত্রে বড় নিয়ামক হিসেবে কাজ করে। কিন্তু এবার নতুন ভাড়া নির্ধারণে এ ক্ষেত্রে মালিকের স্বার্থ বেশি দেখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। কারণ, বিআরটিএ যে ব্যয় বিশ্লেষণ করেছে, তাতে ৫২ আসনের একটি বাসে গড়ে ৮০ শতাংশ যাত্রী বোঝাই ধরা হয়েছে। কিন্তু সরেজমিনে এর সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যায়নি। সকাল, বিকেল, রাত পর্যন্ত সব সময় আসনের দ্বিগুণ পর্যন্ত যাত্রী বহন করা হয়। বিআরটিএর একটি সূত্র জানায়, বাসে বাড়তি বোঝাইয়ের এই তথ্য অন্তর্ভুক্ত হলে ভাড়া আরও কমে যাবে। কিন্তু মালিকদের চাপে এটা করা সম্ভব হয়নি। গতকাল বৈঠকে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, নতুন ভাড়ার হার কার্যকর হওয়ার পর কেউ বাড়তি ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট বাসের চলাচলের অনুমতি বাতিল করা হবে।বৈঠকে শাজাহান খান বাসমালিকদের জনগণের প্রতি সেবার মানসিকতা দেখানোর আহ্বান জানান। বৈঠকে আরও বক্তব্য দেন পরিবহন নেতা খোন্দকার এনায়েত উল্যাহ, মশিউর রহমান, ফারুক তালুকদার, ওসমান আলী, রুস্তম আলী খান প্রমুখ।