বাস ও অটোরিকশার ভাড়াও বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর এক দিন পরই বাড়ল বাস ও অটোরিকশার ভাড়া। রেলওয়ের ভাড়া বাড়ানোরও চিন্তা করছে সরকার।গতকাল সোমবার ডিজেল ও সংকুচিত প্রাকৃতিক গ্যাসে (সিএনজি) চালিত বাসের ভাড়া বাড়ানো হয়েছে কিলোমিটারপ্রতি পাঁচ পয়সা। অন্যদিকে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বেড়েছে কিলোমিটার প্রতি ১৪ পয়সা। অটোরিকশায় প্রতি মিনিট বিরতিকালীন সময়ের জন্য (যানজট, যাত্রাবিরতি ও সিগন্যাল) চার্জ বেড়েছে ১০ পয়সা। গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির এই সময়ে চার মাসের ব্যবধানে সব ধরনের পরিবহনভাড়া বাড়ানো হলো। গতকাল যোগাযোগ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পরিবহনভাড়া বাড়ানোর এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। নতুন ভাড়ার হার গতকাল থেকেই কার্যকর করা হয়েছে। এর আগেও সর্বশেষ ভাড়া বাড়ানো হয়েছিল গত ১৬ মে। কিন্তু প্রতিবারই পরিবহন মালিক-শ্রমিকেরা সরকারনির্ধারিত ভাড়া না মেনে বাড়তি আদায় করছেন। এবারও এমন হতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বর্তমানে ভাড়া বৃদ্ধি রোধে রাজধানীতে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। বিআরটিএর কর্মকর্তারাই বলছেন, দুটি ভ্রাম্যমাণ আদালত দিয়ে ভাড়া খাতের নৈরাজ্য বন্ধ করা যাবে না।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে জানান, সরকার রেলের ভাড়া বাড়ানোর কথাও ভাবছে। রেল যে হারে ক্ষতি গুনছে, ভাড়া না বাড়িয়ে পোষানো যাবে না। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে এ বিষয়ে আলোচনা হবে। জ্বালানির দাম বাড়ানোর আগে ভাড়া নিয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, গত রোববার জ্বালানি মন্ত্রণালয় একটি বৈঠক করেছিল। বৈঠকে জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে ভাড়া বাড়ানোর সূত্র বের করার সিদ্ধান্ত হয়। ভাড়া কার্যকরের বিষয়ে তিনি বলেন, বাড়তি ভাড়া আদায় রোধে বিআরটিএ কঠোর ব্যবস্থা নেবে। গত মে মাসে সরকার রাজধানী ঢাকা ও বন্দরনগর চট্টগ্রামে বড় বাসের জন্য কিলোমিটারপ্রতি এক টাকা ৫৫ পয়সা এবং মিনিবাসের জন্য এক টাকা ৪৫ পয়সা ভাড়া নির্ধারণ করা করেছিল। পাঁচ পয়সা বাড়ানোর ফলে এখন ভাড়া হবে যথাক্রমে এক টাকা ৬০ পয়সা ও দেড় টাকা। অটোরিকশার ভাড়া কিলোমিটারপ্রতি সাড়ে সাত টাকা থেকে বাড়িয়ে সাত টাকা ৬৪ পয়সা করা হয়েছে। প্রতি মিনিট বিরতির সময়ের জন্য চার্জ এক টাকা ৩০ পয়সা থেকে বাড়িয়ে এক টাকা ৪০ পয়সা করা হয়েছে। আর দূরপাল্লার বাসের ভাড়া এক টাকা ১৫ পয়সা থেকে বাড়িয়ে এক টাকা ২০ পয়সা করা হয়েছে। সরকার গত রোববার জ্বালানি তেলের দাম বাড়ায়, সিএনজির দাম বাড়ায় গতকাল। এনার্জি রেগুলেটরি আইন অনুযায়ী সিএনজির দাম বাড়ানোর আগে এর ব্যবহারকারীদের শুনানি নেওয়ার কথা। কিন্তু পরিবহনমালিকেরা অভিযোগ করেছেন, সিএনজির দাম বাড়ানোর আগে তাঁদের শুনানিতে ডাকা হয়নি।রাজধানীতে কাউন্টারভিত্তিক পরিচালিত বাসগুলোর মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজের (এবিসি) সভাপতি খোন্দকার রফিকুল হোসেন অভিযোগ করেন, জ্বালানির দাম ও ভাড়া বাড়ানোর বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনা করা হয়নি। ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার এনায়েত উল্যাহ বলেন, তাঁকে গত রোববার জ্বালানির মূল্যবৃদ্ধি ও ভাড়া বিষয়ে বৈঠকে অনানুষ্ঠানিকভাবে ডাকা হয়েছিল। কিন্তু তিনি অংশ নিতে পারেননি। তবে ভাড়া বাড়ানোর বিষয়ে তাঁরা নিজেরা বৈঠক করে অনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন। হঠাৎ বৃদ্ধি: যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, জ্বালানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার পর গত রোববার জ্বালানি মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়। এতে সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তার সঙ্গে সরকারপন্থী কয়েকজন পরিবহননেতাকে ডাকা হয়। এর মধ্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও তাঁর অনুগত কিছু পরিবহননেতা ছিলেন। তাঁদের উপস্থিতিতেই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়। অটোরিকশা খাতের মালিক ও চালকেরা ভাড়া বাড়ানোর দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিলেন। সিএনজির দাম বাড়ার পর তাঁদের ভাড়াই সবচেয়ে বেশি বেড়েছে। অটোরিকশাচালকদের দৌরাত্ম্যের অবসান না ঘটিয়েই এভাবে ভাড়া বাড়ানোকে অযৌক্তিক বলছেন যোগাযোগ মন্ত্রণালয়েরই কয়েকজন কর্মকর্তা। মানুষের ভোগান্তি: বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ নিয়ে দুবার জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ানো হলো। আর কমানো হয়েছিল একবার। সর্বশেষ গত ৫ মে জ্বালানি তেলের দাম এবং ১২ মে সিএনজির দাম বাড়ানো হয়। জ্বালানির মূল্যবৃদ্ধি ও পরিবহনভাড়া বাড়ানোর ঘটনায় হতাশা প্রকাশ করেছেন সাধারণ মানুষ। গতকাল রাজধানীতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কয়েক দিন পর পর ভাড়া বাড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।গতকাল বিকেলে গুলিস্তান গোলাপ শাহ মাজারের সামনে খুচরা থান কাপড় ব্যবসায়ী বিল্লাল হোসেন বলেন, সরকার যে হারে ভাড়া বাড়ায় তার তিন-চার গুণ বেশি আদায় করেন বাস, ট্রাক ও অটোরিকশাচালক-মালিকেরা। দুপুরে নিউমার্কেটে কথা হয় গৃহিণী আফিয়া খাতুনের সঙ্গে। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘নিত্যপণ্যের বাজারে আগুন। পরিবহনভাড়াও বাড়ছে। সাধারণ মানুষ যাবে কোথায়!’ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান অভিযোগ করেন, বর্তমানে গুলিস্তান থেকে ফার্মগেট পর্যন্ত বাসে ১০-১৫ টাকা নেওয়া হচ্ছে। সরকারনির্ধারিত হারে এ পথের ভাড়া আসে সাড়ে আট টাকা। এখন সরকার ভাড়া বাড়ানোর পর পরিবহনমালিকেরা নিজেদের মতো করে আবার ভাড়া বাড়িয়ে নেবেন।