বাস চাপায় বুয়েট ছাত্রীর পা হারানোর আশঙ্কা
রাজধানীর প্রেসক্লাব এলাকায় বাস থেকে নামার সময় শামীমা নাসরিন নামে বুয়েটের এক ছাত্রীর দুটি পা বাসের চাকায় পিষ্ট হয়েছে। তাঁর দুটি পা-ই কেটে ফেলার আশঙ্কা করছেন চিকিত্সকেরা। আজ রোববার বিকেল সোয়া চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সোয়া চারটার দিকে প্রেসক্লাবের সামনে রাজা সিটি পরিবহনের একটি বাস থেকে নামার সময় বাসটি জোরে টান দেয়। এ সময় শামীমা পড়ে যান এবং পেছনের চাকায় তাঁর দুটি পা-ই চাপা পড়ে। পৌনে পাঁচটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পা কেটে ফেলার আশঙ্কায় তাঁকে পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।শামীমাকে উদ্ধারকারী বাসের যাত্রী আসমা বেগম প্রথম আলো ডট কমকে বলেন, শামীমা মোহাম্মদপুর থেকে ওই বাসে উঠেছিলেন। প্রেসক্লাবের সামনে বাসটি থেকে নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শামীমা নাসরিন বুয়েটের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।