বাস-ট্রাক-কার ত্রিমুখী সংঘর্ষে ৫ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ ও সিলেটের বালাগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছে। এর মধ্যে গতকাল বেলা ১১টার দিকে কামারখন্দে বাস, ট্রাক ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত ও ২০ জন আহত হয়। বালাগঞ্জে দুপুর একটার দিকে বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় যুক্তরাজ্যের দুই প্রবাসীসহ চারজন।কামারখন্দে নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন প্রাইভেট কারের যাত্রী বাদশা মিয়া (৪২), তাঁর স্ত্রী ফারহানা (৩৫) ও চালক বাবু মিয়া (৪২)। নিহত অন্য দুজন নারী। তাঁদের পরিচয় জানা যায়নি। প্রাইভেট কারের যাত্রীদের বাড়ি পাবনার সুজানগরে বলে জানা গেছে।বালাগঞ্জে নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন প্রবাসী কচই বিবি (৬০), তাঁর ছেলে মইনুল ইসলাম চৌধুরী (৩৫), তাঁদের আত্মীয় মবশ্বীর চৌধুরী (২৩) ও গাড়িচালক জাহাঙ্গীর চৌধুরী (২২)। নিহত ব্যক্তিদের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেতাপুর ও আমুকোনা গ্রামে।সিরাজগঞ্জ: গতকাল বেলা ১১টার দিকে ঢাকা থেকে মালবাহী একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ট্রাকের সামনের ডান দিকে ধাক্কা লাগে। ধাক্কায় বাসের চালকের পেছনের আসনে বসে থাকা একজন নারীযাত্রী জানালা দিয়ে ছিটকে রাস্তার ওপর পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। একই সময় ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে আসা অপর একটি প্রাইভেট কারের ওপর উঠে পড়ে। এতে প্রাইভেট কারটি ট্রাকের নিচে ঢুকে দুমড়ে-মুচড়ে আটকে যায়। ঘটনাস্থলেই প্রাইভেট কারের যাত্রীদের মধ্যে তিনজনের মৃত্যু হয় এবং সাবরিনা নামের এক কিশোরী আহত হয়।সাবরিনাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসের ২০ যাত্রী কমবেশি আহত হন। তাঁদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হারুন জানান, দুর্ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুচড়ে যাওয়া প্রাইভেট কার কেটে একজনকে উদ্ধার করে। এক ঘণ্টা চেষ্টা চালানোর পর প্রাইভেট কারের ওপর থেকে ট্রাকটি সরিয়ে বাকি লাশ বের করা হয়। এ ঘটনায় ওই সড়কে প্রায় এক ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।ওসি জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ট্রাক ও বাস জব্দ করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।বালাগঞ্জ: দুপুর একটার দিকে বালাগঞ্জ উপজেলার ব্রাহ্মণগ্রাম স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী মালবাহী একটি কাভার্ড ভ্যানকে দ্রুতগতিতে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে একটি প্রাইভেট কার। এতে বিপরীত দিক থেকে আসা অন্য একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড জোরে ধাক্কা খেয়ে প্রাইভেট কারটি সেখান থেকে ছিটকে চলন্ত কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন প্রাইভেট কারের তিন যাত্রী এবং গুরুতর আহত হন মবশ্বির চৌধুরী। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে মবশ্বিরের মৃত্যু হয়।খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করেন। হাইওয়ে পুলিশের শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান বলেন, দ্রুতগতিতে ওভারটেক করার কারণে এ ঘটনা ঘটেছে। তিনটি গাড়ি আটক করে পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।