বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে আজ মঙ্গলবার ভোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন: সাইদুর রহমান (৩৫) ও কালু মিয়া (৪০)। পুলিশ জানায়, আজ ভোর পৌনে ছয়টার দিকে রুহান পরিবহনের একটি বাসে কয়েকজন ব্যবসায়ী কাপড় নিয়ে বেলকুচি উপজেলার সোহাগপুর হাটে যাচ্ছিলেন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের ৪ নম্বর সেতুর পশ্চিমে কামারখন্দ উপজেলার তালুকদার বাজারের কাছে পৌঁছালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ভুসিবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কাপড় ব্যবসায়ী সাইদুর নিহত হন। গুরুতর আহত ছয়জনকে হাসপাতালে নেওয়ার পথে কালু মিয়া মারা যান। অন্যদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান প্রথম আলো ডটকমকে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।