বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইলে বগুড়া-ঢাকা মহাসড়কে গতকাল বৃহস্পতিবার ভোরে বাস ও ট্রাকের সংঘর্ষে বাসের ১৯ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৫ জন।একই দিনে গাজীপুরের কালিয়াকৈর এবং নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাস-ট্রাকের সংঘর্ষে সাতজন নিহত ও ৩০ জন আহত হয়েছে।বগুড়া: প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দিনাজপুরের হিলিগামী জাকের পরিবহনের একটি বাস বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল বাজারে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের ডান পাশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। বাসে ৫০ জনের মতো যাত্রী ছিল।প্রত্যক্ষদর্শী নয়মাইল এলাকার কলেজছাত্র আবু রায়হান বলেন, তিনি বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের ধারে হাঁটাহাঁটি করছিলেন। তাঁর চোখের সামনেই এ দুর্ঘটনা ঘটে। বাস ও ট্রাকের সংঘর্ষে প্রচণ্ড শব্দ হয়। এরপর প্রায় ৩০০ গজ দূরে গিয়ে বাসটি থেমে যায়। এর পরপরই এলাকার লোকজন ছুটে এসে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালায়।খবর পেয়ে শাজাহানপুর থানার পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), সেনাবাহিনী ও দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।বাসের যাত্রীদের মধ্যে ১২ জন ঘটনাস্থলেই নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও সাতজন। হতাহতদের বেশির ভাগ বাসের ডান পাশে বসা যাত্রী।নিহতদের মধ্যে আটজনের পরিচয় মিলেছে। তাঁরা হলেন: বগুড়া সদরের সাতশিমুলিয়া গ্রামের আবদুল মালেক (৬০), বগুড়ার শিবগঞ্জের মোকামতলার জাহিদুল ইসলাম (৪০), দিনাজপুরের হাকিমপুরের কোপতারা গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী নিলুফা ইয়াসমিন (২১), জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর মৃধাপাড়ার ফজর উদ্দিনের স্ত্রী মোছা. খাতুন (৩৫), জয়পুরহাটের আক্কেলপুরের রুকিন্দিপুর গ্রামের শামছুদ্দিনের ছেলে রেজাউল (৩৮), ঢাকার চকবাজারের ইসতিয়াক হোসেনের স্ত্রী দুলারী খাতুন (৩৪) ও তাঁর মেয়ে নাজিয়া পারভীন (৫) এবং জয়পুরহাটের পাঁচবিবির আরিফ (৩২)।পুলিশ বাস ও ট্রাকটি আটক করেছে এবং নিহতদের লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।দুর্ঘটনায় অক্ষত বাসের যাত্রী মুন্সিগঞ্জের ইলিয়াস বলেন, বগুড়ার শেরপুর পার হওয়ার পর থেকেই চালক বেপরোয়াভাবে বাসটি চালাচ্ছিলেন। আস্তে চালানোর জন্য যাত্রীরা বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি (চালক) শোনেননি। একপর্যায়ে যাত্রীরা ক্ষিপ্ত হয়ে বাস থামাতে বলেন, কিন্তু এর পরও চালক দ্রুতগতিতে বাস চালাতে থাকেন।হাসপাতালে চিকিৎসাধীন আহত যাত্রী বগুড়া সদরের সাতশিমুলিয়া গ্রামের গরু ব্যবসায়ী সানোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে তাঁরা তিন গরু ব্যবসায়ী একসঙ্গে বাসে উঠেছিলেন। তাঁর অপর দুই সঙ্গী দুর্ঘটনায় নিহত হয়েছেন।দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা নয়মাইল বাজারের কাছে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে বগুড়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফুর রহমান মণ্ডলের নেতৃত্বে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। পুলিশ জনগণকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানালে জনগণ আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা ঘটনাস্থল নয়মাইল বাজারে ট্রাফিক পুলিশ দেওয়া এবং মহাসড়ককে গতিরোধক নির্মাণের দাবি জানায়। এএসপি আরিফুর রহমান সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনার ভিত্তিতে আগামী এক সপ্তাহের মধ্যে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে জনগণ অবরোধ তুলে নেয়। এরপর সেনাবাহিনীর সদস্যরা ক্রেন দিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাসটি সরিয়ে নেওয়ার পর সকাল আটটার দিকে যানবাহন চলাচল আবার শুরু হয়। ততক্ষণে ঘটনাস্থলের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।তদন্ত কমিটি: দুর্ঘটনার কারণ তদন্তে জেলা প্রশাসককে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।গাজীপুর: আহত যাত্রী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাইবান্ধা থেকে ঢাকাগামী বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংষর্ঘ হয়। এতে বাসের ডান পাশের পেছন দিকের সিটে বসা যাত্রীদের অনেকেই হতাহত হন। ওই অবস্থায় চালক বাস চালিয়ে যেতে থাকেন। পরে যাত্রীরা চিৎকার করতে থাকলে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে চালক গাড়িটি থামান। এ সময়ে গাড়ির মধ্যে লাশ পড়ে থাকতে দেখে চালক ও তাঁর সহযোগী দৌড়ে পালিয়ে যান। দুর্ঘটনায় বাসের চার যাত্রী নিহত হন ও কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত যাত্রীরা হলেন—গাইবান্ধা সদর উপজেলার বাসাপাড়া গ্রামের জাবেদ আলী (২৯) ও গাইবান্ধার পলাশবাড়ী থানার পবনাপুর গ্রামের ইসলাম নবীর (২৫)। এ ছাড়া এক নারী ও এক যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান, বাসটি আটক করা হয়েছে। কালিয়াকৈর থানায় মামলা হয়েছে।সোনারগাঁ: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল সকাল সাতটার দিকে সোনারগাঁ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সোনারগাঁ সুপার সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনায় বাসের চালক উত্তম কুমার (৪০), ট্রাকের চালক আবদুল হান্নান (২৫) ও তাঁর সহকারী গিয়াস উদ্দিন (২৬) নিহত হয়েছেন। এ ছাড়া বাসের ১৫ যাত্রী গুরুতর আহত হন।আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এ সময় ঘটনাস্থলের দুই পাশে মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। সড়ক দুর্ঘটনায় হতাহতের খবরে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।বিশেষজ্ঞ মতামত: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ও দুর্ঘটনা-গবেষক শামসুল হক প্রথম আলোকে বলেন, বগুড়া, কালিয়াকৈরের দুর্ঘটনা মুখোমুখি নয়, পাশাপাশি সংঘর্ষ। ট্রাকের মূল কাঠামোর পাশে লাগানো লোহার অ্যাঙ্গেলে বাসের একপাশ পুরোপুরি ছিঁড়েফুঁড়ে বের হয়ে গেছে। এতে বাসটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হলেও ট্রাকটি প্রায় অক্ষতই রয়ে গেছে। লোহার ওই অ্যাঙ্গেলের কারণে হতাহতের ঘটনা বেশি হয়েছে।অধ্যাপক শামসুল বলেন, ট্রাকের গায়ে সমান্তরালভাবে অ্যাঙ্গেল লাগানো আইন অনুযায়ী অবৈধ। গাড়িটির ফিটনেস দেওয়ার সময় বিআরটিএর কর্মকর্তাদের অবশ্যই বিষয়টি দেখা উচিত ছিল।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, বগুড়া অফিস এবং কালিয়াকৈর (গাজীপুর) ও সোনারগাঁ (নারয়ণগঞ্জ) প্রতিনিধি]