বাস ডাকাতদের কবলে রিকশাচালকের পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতেনাতে ধরা ডাকাতদের রাখা হয়েছে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে। আর থানার বারান্দায় ছিলেন ডাকাতির শিকার মোখলেসসহ তাঁর পরিবারের পাঁচ সদস্য। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় ডাকাতদের হাজতখানায় নেওয়ার সময় মুখোমুখি হলে মোখলেসের স্ত্রী রেনু আরা একজনকে শনাক্ত করেন। তারপর আর নিজেকে সামলে রাখতে পারেননি তিনি। পা থেকে সেন্ডেল খুলে এলোপাতাড়ি মারতে শুরু করেন ডাকাত বাবুকে। গত শনিবার রাতে যাত্রীবেশী এই ডাকাতেরা শিশুসহ মোখলেসের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। বাধা দেওয়ার চেষ্টা করায় ডাকাতেরা পরিবারের তিনজনকে ছুরিকাঘাত করে। একজনকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয়। রেনু আরার বাঁ গালে ছুরি দিয়ে পোচ দেওয়া হয়েছে। তাঁর খালার শিশু সন্তানের গলায় ছুরি ধরেছিল ডাকাতেরা। ভয়ে নড়াচড়া করায় শিশুটির একটা হাত কেটে গেছে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার কৃষ্ণপদ রায় জানান, শনিবার রাত ১০টার দিকে ওই বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম গাড়িতে শাহবাগ মোড় হয়ে মত্স্য ভবনের দিকে যাচ্ছিলেন। তিনি দেখতে পান, যাত্রীবাহী একটি বাস সিগন্যালে না দাঁড়িয়ে সন্দেহজনকভাবে সোজা সায়েন্স ল্যাবরেটরির দিকে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। বাসের ভেতরের বাতি নেভানো, লোকজনের চিত্কারও তাঁর কানে আসে। তিনি বাসটির পিছু নেন। প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে অবশেষে আসাদগেটে গিয়ে বাসের সামনে নিজের গাড়ি দাঁড় করিয়ে বাসটি আটকান।কৃষ্ণপদ রায় জানান, বাস থেকে ডাকাত সেলিম (২০), বাবু (২২) ও জাফরকে (১৯) গ্রেপ্তার করেন। অন্য দুজন পালিয়ে যায়। গ্রেপ্তার হওয়া ডাকাতদের স্বীকারোক্তি অনুযায়ী, রাতেই কল্যাণপুর পোড়া বস্তিতে অভিযান চালিয়ে পলাতক দুই ডাকাত রবিন (২০) ও আমিনুরকে (২০) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে নগদ এক হাজার ৮০০ টাকা, একটি চাকু ও মোবাইল ফোনসেট জব্দ করা হয়। আটক করা হয়েছে গাবতলী থেকে শনির আখড়া-রায়েরবাগ রুটে চলাচল করা জাহান পরিবহনের বাসটি। বাসটির মালিক দুলাল পাটোয়ারী। ডাকাত আমিনুল সাংবাদিকদের জানান, ডাকাতির পরিকল্পনা করেই শনিবার রাত নয়টায় তাঁরা বাসটি নিয়ে বের হন। রাত সাড়ে ১২টায় সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে গাবতলীগামী যাত্রী তোলেন। পণ্টন মোড়ে দুই যাত্রী নেমে যাওয়ার পর শুধু মোখলেসের পরিবারই গাড়িতে ছিল। কাকরাইল মোড়ে আসার সঙ্গে সঙ্গে ডাকাত সেলিম প্রথমে যাত্রীদের চাকু দিয়ে ভয় দেখান। বাধা দেওয়ার কারণে ডাকাতেরা মোখলেসের আত্মীয় শাহীনকে মারধর করে মত্স্য ভবন মোড়ে বাস থেকে ফেলে দেন। পরে ডাকাত বাবু শিশু জুবায়েরের গলায় চাকু ধরে। আতঙ্ক ছড়ানোর চেষ্টা করতে গেলে জুবায়েরের ডান হাতের আঙুল কেটে যায়। এরপর দ্রুত টাকা বের না করে দেওয়ায় বাবু রেনু আরার বাঁ গালে পোচ দেন। ততক্ষণে বাসটি শাহবাগ পার হয়ে যায়। পরে পুলিশের গাড়ি পিছু নেওয়ায় তাঁরা দ্রুত গাবতলীর দিকে ছুটতে থাকেন। অবশেষে আসাদ গেট গিয়ে ধরা পড়তে হয় তাঁদের। ডাকাতির শিকার মোখলেসুর রহমান জানান, তিনি সপরিবারে মেরাজনগরে থাকেন। তিনি রিকশা চালান। আবার বাসায় ভাত বিক্রি করেন এবং রিকশা চালকেরাই তার মূল ভোক্তা। গ্রামের বাড়ি বগুড়ার শিবগঞ্জ থানার কাঠগড়া এলাকায়। শনিবার রাতে গ্রামের বাড়ি যাওয়ার জন্য তিনি তাঁর স্ত্রী রেনু আরা, খালা শাশুড়ি জেবু আরা ও জেবু আরার শিশু জুবায়ের ও আত্মীয় শাহীন সায়েদাবাদ যান। সেখানে কোনো বাস না পেয়ে কারওয়ান বাজারের উদ্দেশে গাবতলী রুটের বাসে উঠে ডাকাতের কবলে পড়েন। ডাকাত জাফর দাবি করছেন, তিনি কল্যাণপুরে তাঁর ভগ্নিপতির চায়ের দোকানে কাজ করেন। ডাকাতির বিষয়ে তিনি কিছুই জানতেন না। সারা রাত বাসে করে ঢাকা শহর ঘোরানোর কথা বলে তাঁকে রাত সাড়ে নয়টায় বাসা থেকে ডেকে আনে বন্ধুরা। পুলিশের অতিরিক্ত উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম জানান, সাধারণত সব বাস শাহবাগ এসে কিছুক্ষণ দাঁড়িয়ে যাত্রী ওঠানোর চেষ্টা করে। কিন্তু আটক হওয়া বাসটি দ্রুতগতিতে সায়েন্স ল্যাবরেটরির দিকে যাচ্ছিল দেখে তাঁর সন্দেহ হয়। পরে বাসের ভেতরে ধস্তাধস্তির দৃশ্য দেখতে পান তিনি। তাই বাসটির পিছু ধাওয়া করেন। এ ব্যাপারে মোখলেস বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেছেন। ডাকাতদের আদালতে পাঠানো হয়েছে। ডাকাতির শিকার পরিবারটিকে চিকিত্সা শেষে পুলিশ ঢাকার রায়েরবাগের বাড়িতে পাঠিয়ে দিয়েছে।