বাস থেকে ছাত্র ফেলে দেওয়ায় ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর পরিবহনের বাস থেকে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ফেলে দেওয়ায় ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করেছেন। ফলে সকাল থেকে এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ওই সড়কে গাজীপুর পরিবহনের বাস চলতে না দেওয়ার ঘোষণাও দিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসেও দফায় দফায় বিক্ষোভ করছেন। তাঁরা পরীক্ষা বর্জন করেছেন। তবে পরিস্থিতি শান্ত রাখতে ক্যাম্পাসে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র গাজীপুর পরিবহনে করে ক্যাম্পাসে ফিরছিলেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের স্টপেজে বাস থামাতে বলেন। কিন্তু চালক বাস না থামিয়ে চলন্ত গাড়ি থেকে তাঁদের নামতে বলেন। একপর্যায়ে গাড়িচালকের সহকারী এক ছাত্রকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় গাড়িতে থাকা অন্য দুই ছাত্রকে না নামিয়ে গাড়ি নিয়ে চালক দ্রুত চলে যেতে চাইলে চিৎকার দেন। এতে আশপাশের ছাত্ররা এসে গাড়িটি আটক করেন। একপর্যায়ে তাঁরা বিশ্ববিদ্যালয়ের সামনে পরিবহন কাউন্টারে আগুন ধরিয়ে দেন। মধ্যরাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রধান সড়কে তাঁরা বিক্ষোভ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এসে শিক্ষার্থীদের শান্ত করেন। গতকাল রাতেই ওই আহত ছাত্রকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।