বাস থেকে নামিয়ে গুলি করে ২০ শিয়া হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি প্রদেশে আজ বৃহস্পতিবার একদল অস্ত্রধারী একটি বাস থেকে ২০ জন শিয়া মুসলিমকে নামিয়ে গুলি করে হত্যা করেছে। ডন ডটকমে প্রকাশিত এক খবরে আজ বলা হয়, গত ছয় মাসে এ ধরনের তৃতীয় ঘটনা এটি।যাত্রীরা রাওয়ালপিন্ডি থেকে দেশটির উত্তরের গিলগিত শহরে যাওয়ার সময় মানসেহেরা জেলায় এই নিষ্ঠুর ঘটনার শিকার হন। সরকারি কর্মকর্তারা বলেছেন, রাজধানী ইসলামাবাদ থেকে ১০০ মাইল দূরে বাবুসার টপে এই অতর্কিত হামলা সংঘটিত হয়। মানসেহেরার জেলা প্রশাসক খালিদ ওমরজাই বলেন, ‘১০ থেকে ১২ জন লোক যাত্রীদের বাস থেকে নামতে বাধ্য করে। তাঁদের সঙ্গে থাকা কাগজপত্র খতিয়ে দেখার পর দুষ্কৃতকারীরা নির্বিচারে গুলি চালিয়ে ২০ জনকে ঘটনাস্থলেই হত্যা করে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তাঁদের সবাই শিয়া সম্প্রদায়ের।’স্থানীয় পুলিশ কর্মকর্তা শফিক গুল বার্তা সংস্থা এএফপিকে বলেন, হত্যাকারীরা ছিল মুখোশ পরা। যাত্রীদের বিভিন্ন যানবাহন থেকে নামিয়ে একজায়গায় জড়ো করেছিল তারা। গত কয়েক মাসে গিলগিতে সাম্প্রদায়িক সংঘাত অনেক বেড়ে গেছে। এ পর্যটনস্থানটি ধনী পাকিস্তানি ও বিদেশিদের কাছে বেশ প্রিয়। গত ২৮ ফেব্রুয়ারি সামরিক পোশাক পরা একদল বন্দুকধারী ১৮ জন শিয়াকে হত্যা করে। তাঁরা সেদিন বাসযোগে রাওয়ালপিন্ডি থেকে গিলগিতে যাচ্ছিলেন।গত ৩ এপ্রিল গিলগিত থেকে ৬০ মাইল দূরে চিলাস শহরে দুষ্কৃতকারীরা নয়জন শিয়াকে বাস থেকে নামিয়ে গুলি করে হত্যা করে।