বাস ফাঁকা, কারণ আতঙ্ক সৃষ্টি করা হয়েছে: যোগাযোগমন্ত্রী
ঈদের বাকি মাত্র দু-তিন দিন। এ সময় বাস টার্মিনালে উপচে পড়া ভিড় থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এবারের চিত্র একেবারেই ভিন্ন। আজ রোববার সকাল ১০টায় গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা গেল, ভিড় দূরের কথা, টার্মিনাল মোটামুটি ফাঁকা। চারদিকে শুধু হাঁক-ডাক মাগুরা, রাজশাহী, পাবনা, ঝিনাইদহ...। একজন যাত্রী এলে তাঁকে নিয়ে শুরু হচ্ছে টানাটানি। বাসগুলো ছাড়ছে, তবে অনেক সিট ফাঁকা।আজ সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে এ অবস্থা দেখলেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। যতগুলো বাস কাউন্টারে তিনি গিয়েছেন, সব খানেই একই কথা, স্যার যাত্রী নেই। বাস যাচ্ছে ফাঁকা। কেউ কেউ মন্ত্রীর সামনেই সাহস করে বলে ফেললেন, রাস্তাঘাট খারাপ, তাই যাত্রী কম। এ কে ট্রাভেলসের কাউন্টার থেকে এমন মন্তব্য শুনে মন্ত্রী পাল্টা জিজ্ঞাসা করলেন, ‘কিছু অপপ্রচার হয়েছে। সেটা কি আপনাদের ব্যবসার ক্ষতি করেছে?’ কাউন্টারের ভেতর থেকে হ্যাঁ সূচক মাথা নাড়ানো হলো।বিভিন্ন বাস কাউন্টারে কথা বলে জানা যায়, তাদের ধারণা, এ বছর রাস্তাঘাট খারাপ, বৃষ্টি হচ্ছে, রাস্তায় ভোগান্তি বেড়েছে। সড়ক পথে যাত্রী কম হওয়ার এটি একটি বড় কারণ। এ বিষয়ে আবুল হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।’ কে বা কারা সে আতঙ্ক সৃষ্টি করেছে, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সেটি আপনারাই ভালো জানেন।’ গণমাধ্যম, সুশীল সমাজসহ সমাজের সবাই তাঁকে সহায়তা করেছেন বলে উল্লেখ করেন যোগাযোগমন্ত্রী। যাত্রী কম হওয়ার কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, এবার লম্বা ছুটি। অনেকে আগেই বাড়িতে চলে গেছে। বিআরটিসির ২৮০-৩০০টি বিশেষ বাস প্রতিদিন সেবা দিচ্ছে। সেসব বাসের ভাড়াও তুলনামূলক কম। তাই যাত্রীরা সে দিকে ঝুঁকছে। মহাসড়কগুলো অনেক ভালো হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, আজকালের মধ্যে পুরো ঠিক হয়ে যাবে। বাস আছে যাত্রী নেইঢাকা থেকে রাজশাহী চলাচল করে জাহাঙ্গীর পরিবহন। এই বাসের কর্মী মো. পিয়ারু জানান, সকালে তাঁদের একটি বাস গাবতলী ছেড়ে গেছে। ৪৬ সিটের ওই বাসের ১৬টি সিট ছিল ফাঁকা। ঈদের আগে এমন অবস্থা তাঁরা কল্পনাও করতে পারেন না। তবে কাল-পরশু গার্মেন্টস ছুটি হলে ভিড় কিছুটা বাড়বে বলে তাঁরা আশা করছেন।এই অবস্থা প্রায় সব বাস কাউন্টারে। তবে দূরপাল্লার তুলনামূলক ভালো মানের বাসগুলো এ রকম ফাঁকা যাচ্ছে না। বরং টিকিট পাওয়া যাচ্ছে না।যাত্রী কম হলেও অনেক বাসে ভাড়া বেশি নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। যাত্রীরা জানান, তাঁদের কাছ থেকে ১০০ টাকার মতো বেশি নেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক পরিবহন কর্মকর্তা এ অভিযোগ স্বীকার করেন। তিনি বলেন, ‘ভাই এমনিতে ব্যবসা নাই। যাত্রী নাই। আমরা বাস চালাব কীভাবে?’