কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখন পরিবহননির্ভর হয়ে পড়েছে। যেদিন বিশ্ববিদ্যালয়ে গাড়ি আসে, সেদিন ক্লাস ও পরীক্ষাসহ ক্যাম্পাসের সব কার্যক্রম চলে। কোনো কারণে এক দিন ক্যাম্পাসে গাড়ি না এলে ক্যাম্পাস অচল হয়ে পড়ে।খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকার গাজীপুরে যাত্রা শুরু করে। পরে ১৯৮৬ সালে নিজস্ব ক্যাম্পাস ঝিনাইদহ ও কুষ্টিয়ার মাঝামাঝি দুলালপুর ও শান্তিডাঙ্গায় স্থানান্তরিত হয়। বিশ্ববিদ্যালয়টি সম্পূর্ণ আবাসিক হওয়ায় এখানে দুটি ছাত্রীহল ও চারটি ছাত্রহলসহ মোট ছয়টি হল নির্মাণ করা হয়েছে। এর পরও অনেক শিক্ষার্থী আবাসিক সুবিধা পাচ্ছেন না। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১১ হাজার। তার মধ্যে ছয়টি হলে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর আবাসনব্যবস্থা আছে। এ কারণে অধিকাংশ শিক্ষার্থীকেই ঝিনাইদহ, কুষ্টিয়া ও ক্যাম্পাসের পাশের শেখপাড়া ও শান্তিডাঙ্গার বিভিন্ন মেসে থাকতে হচ্ছে। ব্যাচেলর ভাড়াটিয়া হিসেবে অধিকাংশ শিক্ষার্থীই থাকেন ঝিনাইদহ-কুষ্টিয়ার বিভিন্ন মেস বা বাসায়। আবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, প্রক্টর, ছাত্র-উপদেষ্টাসহ অধিকাংশ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীই কুষ্টিয়া ও ঝিনাইদহে বাসা ভাড়া নিয়ে থাকেন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ১৫টি এবং কুষ্টিয়া-ঝিনাইদহ বাস মালিক সমিতির প্রায় ৪৫টি গাড়ি কুষ্টিয়া ও ঝিনাইদহের বিভিন্ন রুটে চলাচল করে। প্রতিদিন উপাচার্য, সহ-উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা এসব গাড়িতে করে ক্যাম্পাসে যাতায়াত করেন।ফলে যেদিন ক্যাম্পাসে বাস আসে, সেদিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলে; আর যেদিন বাস আসতে পারে না, সেদিন সব কার্যক্রম বন্ধ থাকে। সম্প্রতি ছাত্রলীগের অন্তঃকোন্দল ও সংঘর্ষের জের ধরে তিন-চার দিন ক্যাম্পাসে কোনো গাড়ি ঢুকতে পারেনি। এ কারণে ওই সময়ে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। অনেক বিভাগের চূড়ান্ত পরীক্ষা ও গুরুত্বপূর্ণ ক্লাসও বন্ধ ছিল।এ ব্যাপারে অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী মাহমুদা বলেন, ‘প্রস্তুতি থাকা সত্ত্বেও নির্দিষ্ট দিনে পরীক্ষা দিতে পারছি না। পরের পরীক্ষা ভালো দিতে পারব কি না, তা জানি না।’অনেক সময় কুষ্টিয়া-ঝিনাইদহের বাস মালিক সমিতির অন্তর্দ্বন্দ্বের কারণেও বাস চলাচল বন্ধ থাকে। ফলে চরম দুর্ভোগের শিকার হতে হয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ১১ হাজার শিক্ষার্থীকে।এ বিষয়ে বায়োটেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিবহননির্ভরতার দরুন সৃষ্ট এ সমস্যার কারণে আমরা নিয়মিত ক্লাসের পরীক্ষায় অংশ নিতে পারছি না। ফলে আমাদের সেশনজটের মতো অভিশাপের কবলে পড়তে হচ্ছে।’বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক রেজওয়ানুল ইসলাম বলেন, সমস্যাটি নতুন কিছু নয়। তবে আবাসিক হল বাড়ানোর ক্ষেত্রে সরকার সুদৃষ্টি দিলে সমস্যা অনেকাংশেই সমাধান হতে পারে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আবাসিক সমস্যা সমাধানের মাধ্যমেই এ সমস্যার সমাধান করা সম্ভব। এ ব্যাপারে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে সমস্যাটির আশু সমাধানের চেষ্টা চালাচ্ছি।’