বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি এলাকায় আজ শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে বাসের ২০ জন যাত্রী। নিহত লোকজনের মধ্যে নয়জনই একই পরিবারের। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ওই যাত্রীবাহী বাসটি ভাঙচুর করে ও মহাসড়ক পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কের উভয় পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে।নিহত ব্যক্তিরা হলেন একই পরিবারের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারের লালপুর এলাকার ওয়ারিস আলী (৬৫), তাঁর স্ত্রী পেয়ারা বেগম (৫০), ছেলে বাবুল মিয়া (৩৫), বাবুলের স্ত্রী হাজেরা বেগম (২৮), বাবুলের ভাইয়ের স্ত্রী রাজিয়া বেগম (৩৫), পরিবারের তিন শিশু সালমান (৯), আল আমীন (১১), ফাতেমা (৭) এবং ওয়ারিস আলীর মেয়েজামাই আবদুল করিম (৩৫)। এ ছাড়া এ দুর্ঘটনায় নিহত পরিবারের অন্য আত্মীয়রা হলেন দক্ষিণ সুরমার চৌধুরীগাঁওয়ের জামাল উদ্দীন (২৮), বিটুয়ার মুখ এলাকার রফিক মিয়া (৫০), লালাবাজারের সুফিয়া বেগম (৩০)। মাইক্রোবাসের চালক হিরণ মিয়াও (২৫) ঘটনাস্থলে নিহত হন।দুর্ঘটনার খবর পেয়ে ওয়ারিস আলীর ভাগ্নে শেখ মোখলেসুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। ওই পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তাঁরা ১৩ জন ঢাকা থেকে ট্রেনে সিলেটে ফেরেন এবং সিলেট রেলস্টেশন থেকে একটি মাইক্রোবাসে করে বাড়ি যাওয়ার সময় দুর্ঘটনার মুখে পড়েন। এ সময় চালকসহ সবাই নিহত হন। দুর্ঘটনায় বাসের ২০ জন যাত্রীও আহত হন। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রঞ্জন সামন্ত জানান, হজরত শাহজালালের (রহ.)-এর ওরসগামী যাত্রীদের নিয়ে লক্ষ্মীপুর থেকে বাসটি সিলেট যাচ্ছিল। আর মাইক্রোবাসটি সিলেট থেকে দক্ষিণ সুরমার লালপুর যাচ্ছিল। পথে মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসের সবাই নিহত হয়।সিলেটের পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বোঝা গেছে, বাসটি সড়কের ভুল পাশ দিয়ে আসছিল। যাত্রীদের সঙ্গে কথা বলেও এ কথা জানা যায়। যাত্রীরাও বলেছেন, চালক খুব ভালভাবে চালাচ্ছিলেন না। দুর্ঘটনার পর থেকেই বাসের চালক পলাতক বলে পুলিশ কমিশনার জানান। এদিকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটির কারণে ভোর থেকেই ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনার, সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম সাবেরা খাতুন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণের আশ্বাস দেন। পরে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের অনুরোধে ক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নিলে যান চলাচল শুরু হয়। জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, চালকের অদক্ষতা ও মহাসড়কের কিছু অংশ ভেঙে যাওয়ার কারণে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর-সিলেট অংশে দুর্ঘটনা বেড়েছে। এক মাসের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়কের এ অংশে ডিভাইডার নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হবে বলে জানান তিনি।