একটি শিপিং কোম্পানির মালিক আবদুল আজিজ। দুই মেয়ের স্কুলে আসা-যাওয়াসহ পারিবারিক কাজে ব্যবহারের একমাত্র নোহা মাইক্রোবাসটি গত শনিবার পুলিশ বড়পুল এলাকায় আটক করে। গাড়ির সব কাগজপত্র নিয়ে পুলিশ চালকের হাতে একটি চিরকুট ধরিয়ে দেয় এবং নির্বাচনের দায়িত্ব পালনের জন্য গতকাল সোমবার গাড়িটি নিয়ে পুলিশ লাইনে যেতে বলে। এভাবে গাড়ি আটক করাকে পুলিশের ভাষায় বলা হয় ‘রিকুইজিশন’।তবে আবদুল আজিজ পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তাকে ধরে ‘রিকুইজিশন’ বাতিল করাতে সক্ষম হলেও মাইক্রোবাসটি আর রাস্তায় নামাচ্ছেন না। প্রথম আলোকে তিনি বলেন, এর আগে এক দিনের কথা বলে পুলিশ এক সপ্তাহ পর ফেরত দিলেও মাইক্রোবাসটির আয়ু কমে যায় কয়েক বছর।পুলিশ সূত্রে জানা যায়, ১৭ জুনের সিটি করপোরেশন নির্বাচনের জন্য প্রায় এক হাজার ২৬৭টি গাড়ি রিকুইজিশন করা হয়েছে। গতকাল থেকে তিন দিন এসব গাড়ি পুলিশের তত্ত্বাবধানে চলবে। নির্বাচন কমিশন, জেলা প্রশাসন, আনসার, র্যাবসহ সংশ্লিষ্ট সব সংস্থা যানবাহনের যে চাহিদা পুলিশের কাছে দিয়েছে, তার ভিত্তিতে এসব গাড়ি আটক করা হয়।হাইকোর্ট গত ২৩ মে এসংক্রান্ত কিছু নির্দেশনা দিয়েছেন। এতে বলা হয়, জনস্বার্থ ছাড়া কোনো গাড়ি রিকুইজিশন করা যাবে না। গাড়ি রিকুইজিশনের সময় মালিক বা চালককে হয়রানি করা যাবে না। রিকুইজিশন করা গাড়ির মালিক বা চালককে বর্তমান হারে গাড়ির ভাড়া পরিশোধ করতে হবে এবং গাড়ির কোনো ক্ষতি হলে সাত দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে হবে। এই নির্দেশনার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী বলেন, ‘নির্বাচন অনুষ্ঠান একটি সাংবিধানিক দায়িত্ব, এটা পালন করতে গিয়ে আদালতের নির্দেশনা কোনো কারণে মানা না গেলে তা নিশ্চয়ই মহামান্য আদালত দেখবেন। আমার সব কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছে দিতে ৬৭৩টি বাস লাগবে। বৃষ্টির কারণে এবার ট্রাক নেওয়া হচ্ছে না। এর বাইরে কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আনা-নেওয়ার জন্য আরও গাড়ির দরকার। সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে এত গাড়ি নেই।’বিআরটিএ ও নগর পুলিশের ট্রাফিক বিভাগের হিসাবে দেখা যায়, নগরে বর্তমানে বাস-মিনিবাস চলে ৮৭৭টি। এর মধ্যে নির্বাচনের কাজে ব্যবহারের জন্য রিকুইজিশন করা হয়েছে ৬০৪টি।একইভাবে নগরে চলাচলকারী ৪৯০টি হিউম্যান হলারের মধ্যে ৩৩৭টি পুলিশ রিকুইজিশন করেছে। আর নগরের প্রায় পাঁচ হাজার মাইক্রোবাসের মধ্যে পুলিশ রিকুইজিশন করেছে ৩১০টি।চট্টগ্রাম জেলা পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, অনেকটা জোরজবরদস্তি করে পুলিশ সব বাস রিকুইজিশন করে নিয়েছে। এ কারণে দুদিন ধরে চট্টগ্রামের বাইরে থেকে কোনো বাস আর নগরে প্রবেশ করছে না। তিনি আক্ষেপ করে বলেন, ‘রিকুইজিশনে গাড়ি দিতে আমাদের আপত্তি ছিল না। কিন্তু গাড়ি ফেরত এলে ব্যাটারি ও অনেক যন্ত্রপাতি আর পাওয়া যায় না।’যানবাহন মালিকেরা হিসাব করে দেখিয়েছেন, একটি বাস এক দিন ভাড়ায় চললে জ্বালানি খরচ, চালক-সহকারীর বেতন বাদ দিয়ে অন্তত এক হাজার টাকা লাভ পাওয়া যায়। আর প্রতিটি মাইক্রোবাসে লাভ থাকে দিনে দেড়-দুই হাজার টাকা। নির্বাচনের কাজের জন্য রিকুইজিশন করা গাড়ি থেকে মালিকের এক পয়সাও লাভ হবে না, বরং ছোটখাটো অনেক যন্ত্রাংশ খোয়া যাওয়ার আশঙ্কা থাকে বলে জানা যায়।পুলিশের সহকারী কমিশনার (সরবরাহ) হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘জ্বালানি খরচের বাইরে প্রতিদিন চালকের খাওয়া বাবদ ৫০ টাকা করে পরিশোধের বিধান আছে। বাজেট পাওয়াসাপেক্ষে আমরা এই টাকা গাড়ির রিকুইজিশন খাতে খরচ করি।’নগর পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি ট্রাফিক) ফারুক আহমদ বলেন, গাড়ি রিকুইজিশন নিয়ে যে কোনো অনিয়ম-দুর্নীতি হয় না, তা বলব না। তবে এ জন্য পুলিশের দুর্নাম বাড়ে। এ কারণে আমি ব্যক্তিগতভাবে গাড়ি রিকুইজিশনের বিপক্ষে।’ তিনি বলেন, গাড়ি রিকুইজিশনের জন্য নির্বাচন কমিশন কিছু অর্থ বরাদ্দ রেখেছে। এ কারণে যে সংস্থা গাড়ি ব্যবহার করবে, তারাই গাড়ির মালিককে সেই অর্থ পরিশোধ করবে।